মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন সুস্থ হয়ে ওঠার পথে। চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচার করে টিউমারটি অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি, যেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসা শেষ করে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন অভিনেত্রী। এরপর থেকেই তিনি চিকিৎসকদের পরামর্শে নিয়মিত বিশ্রাম ও চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার বিকেলে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান তানিয়া বৃষ্টি। তিনি জানান, আগের চেয়ে বর্তমানে তিনি অনেকটাই ভালো আছেন এবং তার চিকিৎসা প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।
লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে তানিয়া বলেন, এখন তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের কেমোথেরাপির চিকিৎসা চক্রের মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়ে চতুর্থ মাস চলছে। আরও দুই মাস কেমোথেরাপি চলার পর কিছু শারীরিক পরীক্ষা করানোর কথা রয়েছে।
দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকার পর আবারও কাজে ফেরার তীব্র ইচ্ছার কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, তার ইচ্ছা রয়েছে চলতি মাস থেকেই শুটিংয়ে ফেরার। এ বিষয়ে কথাবার্তাও চলছে এবং শুটিং শুরু করলে তা সবাইকে জানিয়ে দেবেন। তানিয়া আরও বলেন, অসুস্থতার কারণে প্রায় নয় মাস তিনি ক্যামেরার সামনে ছিলেন না। তখনকার তুলনায় এখন শারীরিক পরিস্থিতি অনেক ভালো থাকায় কাজের পরিকল্পনা করছেন তিনি।
ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভালোবাসার কথা স্মরণ করে তানিয়া জানান, যারা তাকে ভালোবাসেন ও সমর্থন করেন, তাদের চাওয়াকে তিনি মূল্যায়ন করতে চান। এত মানুষ যখন চাইছেন তিনি কাজ করুন, তখন তিনি অবশ্যই অভিনয়ে ফিরবেন। লাইভের শেষ অংশে দীর্ঘ সময় ধরে পাশে থাকার জন্য দর্শকদের ধন্যবাদ জানান অভিনেত্রী। অসুস্থতার এই কঠিন সময়ে যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন এবং তার অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে সুস্থ হয়ে তানিয়ার অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন কাজের দর্শক ও নির্মাতারা। তার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। এই ছবিতে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।








মন্তব্য