জনসমক্ষে তোলা ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরিবর্তন বা আকর্ষণীয় না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করা অভিনেত্রী ইয়ামি গৌতম। রোববার (৪ অক্টোকব) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ইয়ামি লেখেন, গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ, জনসমক্ষে উপস্থিতির সময় তোলা আমার ছবিগুলো পরিবর্তন বা আরও আকর্ষণীয় করতে এআই ব্যবহার করা থেকে বিরত থাকুন। অনুগ্রহ করে ছবিগুলো মূল অবস্থায় ব্যবহার করুন। কোনো ব্যক্তির ছবি বা অবয়ব তার জ্ঞান ও সম্মতি ছাড়া এআই ব্যবহার করে পরিবর্তন বা বিকৃত করা উচিত নয়। পোস্টের শেষ অংশে গণমাধ্যমকে তার অনুরোধকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ জানান তিনি।
তারকাদের ছবি ও ভিডিও এআই দিয়ে পরিবর্তন ও অপব্যবহারের বিভিন্ন ঘটনার মধ্যেই ইয়ামির এমন অনুরোধ এল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এআইয়ের মাধ্যমে ছবি বা ভিডিও বিকৃতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
গত সপ্তাহে বোম্বে হাইকোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কিত আপত্তিকর কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এর মধ্যে এআই নির্মিত ডিপফেক, ভুয়া পর্নোগ্রাফি, পণ্য ও বিজ্ঞাপনও ছিল। অভিযোগ ছিল, অনুমতি ছাড়া সামান্থার নাম, ছবি, অবয়ব ও পরিচয়ের অন্য দিক সেখানে ব্যবহার করা হয়েছিল।
এর আগে ‘ছুট্টামালে’ গানকে ঘিরে তৈরি একটি বিকৃত এআই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ‘দেভারা পার্ট ১’ সিনেমার এই গানে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। এতে মূল গানের দৃশ্যে জাহ্নবীর অবয়ব এআই ব্যবহার করে আপত্তিকরভাবে পরিবর্তন করা হয়েছিল।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এআইয়ের অপব্যবহারে নিন্দা প্রকাশ করেন অভিনেতা জুনিয়র এনটিআর। একই বিষয়ে সরব হন অভিনেতা চিরঞ্জীবীও। তিনি পুরো তেলুগু চলচ্চিত্র অঙ্গনকে এ ধরনের অপব্যবহারে বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
চিরঞ্জীবী বলেন, এটি শুধু একজন ব্যক্তি বা একটি সিনেমার বিষয় নয়। আজ অন্য কারও সঙ্গে এমন ঘটনা ঘটেছে, আগামীকাল তা আপনার, আমাদের বা আমাদের পরিচিত যে কারও সঙ্গে ঘটতে পারে। ব্যক্তিগতভাবে আমাদের ওপর প্রভাব পড়েনি বলে আমরা নীরব থাকতে পারি না। এই অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।
এদিকে ব্যক্তিগত ছবির অপব্যবহারের প্রতিবাদের পাশাপাশি নিজের নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইয়ামি গৌতম। তার নতুন সিনেমা ‘নয়ি নাভেলি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তিনি আওয়াস্তি পরিবারের নতুন বউ মোহিনীর চরিত্রে অভিনয় করেছেন।
নতুন বিয়ে হয়ে একটি পরিবারের অংশ হওয়ার পর মোহিনীর জীবনকে ঘিরেই সিনেমাটির গল্প এগিয়ে যায়। তবে ধীরে ধীরে তার চরিত্র এবং তাকে ঘিরে থাকা নানা রহস্য সামনে আসতে থাকে।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। এতে ইয়ামির সঙ্গে আরও অভিনয় করেছেন আদীনাথ এম কোঠারে, অনুরাগ ঠাকুর, সুনিতা রাজওয়ার, মিতা বশিষ্ঠ, আদিত্য কুলশ্রেষ্ঠ, সুশমিতা মুখার্জি ও প্রতীক পাচোরি।
সূত্র: হিন্দুস্তান টাইমস








মন্তব্য