১৪ বছরের সংসার ভেঙে দিলেন বিজয়েন্দ্র ও প্রীতি

১৪ বছরের সংসার ভেঙে দিলেন বিজয়েন্দ্র ও প্রীতি

ভারতীয় টেলিভিশন অভিনেতা বিজয়েন্দ্র কুমেরিয়া ও প্রীতি ভাটিয়ার দাম্পত্যের আনুষ্ঠানিক ইতি ঘটেছে ২০২৫ সালে। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অভিনেতা নিজেই জানিয়েছেন, ২০২২ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। শেষ পর্যন্ত পারস্পরিক সম্মতিতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। বিজয়েন্দ্র ও প্রীতির বিয়ে হয়…

ভারতীয় টেলিভিশন অভিনেতা বিজয়েন্দ্র কুমেরিয়া ও প্রীতি ভাটিয়ার দাম্পত্যের আনুষ্ঠানিক ইতি ঘটেছে ২০২৫ সালে। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অভিনেতা নিজেই জানিয়েছেন, ২০২২ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। শেষ পর্যন্ত পারস্পরিক সম্মতিতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

বিজয়েন্দ্র ও প্রীতির বিয়ে হয় ২০১২ সালের জানুয়ারিতে। তাদের একটি মেয়ে রয়েছে, যার নাম কিমায়া। সম্প্রতি টেলি টক ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে কথা বলেছেন বিজয়েন্দ্র।

কেন এতদিন নীরব ছিলেন বিজয়েন্দ্র

বিজয়েন্দ্র জানান, ব্যক্তিগত জীবনের পরিবর্তনগুলো মেনে নিতে তার সময় লেগেছে। স্বভাবতই ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আলোচনা করতে পছন্দ করেন না তিনি। তাই এতদিন নিজের দাম্পত্য নিয়ে কোনো মন্তব্য করেননি।

তবে সময়ের সঙ্গে তার মনে হয়েছে, নীরব থাকার চেয়ে বিষয়টি স্পষ্ট করাই ভালো। কারণ, এতে অন্যরা নিজেদের মতো করে নানা ধারণা তৈরি করতে পারেন।

বিজয়েন্দ্র বলেন, তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে নানা মতপার্থক্য ও মানিয়ে নেওয়ার সমস্যা তৈরি হচ্ছিল। সময়ের সঙ্গে সেই জটিলতা আরও বেড়ে যায়।

অভিনেতার ভাষায়, এ ধরনের সিদ্ধান্ত রাতারাতি নেওয়া হয় না। আমাদের মধ্যে অনেক বিষয়ে মতপার্থক্য ও সামঞ্জস্যের সমস্যা তৈরি হয়েছিল, যা সময়ের সঙ্গে বাড়তে থাকে। সমস্যা সমাধানের চেষ্টা আমরা করিনি, এমন নয়। কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো ঠিক হয়নি। ২০২২ সালে আমরা আলাদা হয়ে যাই। এটি ছিল পারস্পরিক সিদ্ধান্ত এবং ২০২৫ সালে আমাদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

মেয়ের জন্যও কঠিন ছিল সিদ্ধান্ত

বিজয়েন্দ্র জানান, তাদের মেয়ে কিমায়ার কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে উঠেছিল। ২০১৬ সালের অক্টোবরে জন্ম নেওয়া কিমায়াকে কেন্দ্র করেই তারা বেশ কয়েক বছর সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন।

তবে শেষ পর্যন্ত তারা উপলব্ধি করেন, অসুখী দাম্পত্যের পরিবেশে সন্তানকে বড় করার চেয়ে আলাদাভাবে থেকেও দুজনের ভালোবাসা ও যত্ন পাওয়া তার জন্য বেশি ইতিবাচক হতে পারে।

বিজয়েন্দ্র বলেন, সন্তান জড়িত থাকায় সিদ্ধান্তটি কঠিন ছিল। এ কারণেই মূলত মেয়ের জন্য আমরা বছরের পর বছর সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু আমার মনে হয়, কিমায়ার জন্যও আলাদা থাকলেও দুই বাবা-মায়ের ভালোবাসা পাওয়া ভালো। অসুখী একটি সম্পর্কের পরিবেশে বেড়ে ওঠার চেয়ে সেটিই স্বাস্থ্যকর। সব বাবা-মায়ের মতো আমরাও তার জন্য সবচেয়ে ভালোটা চাই।

দাম্পত্যের পাশাপাশি কাজেও ছিলেন সঙ্গী

২০২১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতির প্রশংসা করেছিলেন বিজয়েন্দ্র। সে সময় পেশাগত জীবনে প্রীতির সহযোগিতার কথাও জানিয়েছিলেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি কাজের ক্ষেত্রেও তাদের যোগাযোগ ছিল।

২০১৯ সালের অক্টোবরে দুজন মিলে কুমেরিয়া প্রোডাকশনস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও শুরু করেন। প্রতিষ্ঠানটির কার্যক্রমে প্রীতিরও ভূমিকা ছিল। তবে ২০২৩ সালের দিকে তাদের দাম্পত্যে টানাপোড়েনের খবর প্রকাশ্যে আসতে শুরু করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করেন তারা।

প্রীতি এখনও প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত কি না, তা নিশ্চিত নয়।

নতুন ধারাবাহিকে বিজয়েন্দ্র

টেলিভিশনে দীর্ঘ ক্যারিয়ারে শাস্ত্রী সিস্টার্স, উড়ান, নাগিন ৪ ও তেরি মেরি ডোরিয়াঁ-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন বিজয়েন্দ্র।

বর্তমানে কালার্স টিভির জুহি মুই ধারাবাহিকে ইন্সপেক্টর সংযম সিংয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী ঈশা সিং।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন