ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও বিবাহবিচ্ছেদের পর কঠিন সময় পার করতে হয়েছে ভারতের ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে। অতিরিক্ত মদ্যপান, উদ্বেগ এবং মানসিক চাপ সামলাতে একটি পুনর্বাসন কেন্দ্রে টানা ২৬ দিন কাটিয়েছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে এসে নিজের জীবনের এই কঠিন অভিজ্ঞতার কথা খোলাখুলি জানিয়েছেন ভারতীয় এই লেগ স্পিনার।
সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার উপস্থাপনায় ‘বেইথ অ্যান্ড বোল’ পডকাস্টে অংশ নেন চাহাল। সেখানে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা আলোচনা তার ওপর মারাত্মক মানসিক চাপ তৈরি করেছিল। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাকে চিকিৎসকদের শরণাপন্ন হতে হয়।
ওই পডকাস্টে চাহাল বলেন, এটা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। তাই আমি একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হই এবং সেখানে ২৬ দিন ছিলাম।
ক্রিকেট ক্যারিয়ারে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থেকেই তিনি জীবনযাত্রায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। পুনর্বাসন কেন্দ্রে কাটানো ওই দিনগুলো তার মানসিক ভারসাম্য ফিরে পেতে বড় ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সঙ্গে ২০২০ সালের ডিসেম্বর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চাহাল। দীর্ঘ জল্পনাকল্পনার পর ২০২৫ সালের মার্চ মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বিচ্ছেদের পরের সময়টাতে তীব্র উদ্বেগ ও প্যানিক অ্যাটাকের শিকার হন এই ক্রিকেটার। মানসিকভাবে খেলায় অংশ নেওয়ার মতো অবস্থায় না থাকায় ক্রিকেটের কিছু কার্যক্রম থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি।
তবে বর্তমানে পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আছে বলে জানান চাহাল। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তিনি এখন ফিটনেসের প্রতি নতুন করে মনোযোগ দিয়েছেন। অতীতের কঠিন অধ্যায় পেছনে ফেলে জীবন উপভোগ করা এবং ক্রিকেটে পুরোপুরি মনোযোগ ফেরানোই এখন তার মূল লক্ষ্য।
সূত্র: সিয়াসাত








মন্তব্য