আদালতে আত্মসমর্পণের পর কারাগারে ‘কিশোর গ্যাং’ নেতা ওয়াকিল ওরফে বগা
তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখলসহ ২৩টি মামলা রয়েছে বলে জানা গেছে
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং’ নেতা ওয়াকিল হোসেন ওরফে বগা চাঁদাবাজির একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার (১৮ অক্টোবর) আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পুলিশ তাঁকে খুঁজে পায়নি।
বিজ্ঞাপন
রবিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চান ওয়াকিল। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন ওয়াকিল হোসেন বগা। শুনানির পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ওয়াকিল নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে। পুলিশের দাবি, একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণের পাশাপাশি দলীয় প্রভাব কাজে লাগিয়ে তিনি অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন।
গত ৬ অক্টোবর নগরের টাইগারপাস এলাকার সিটি করপোরেশন ভবনে ওয়াকিলের অবস্থানের খবর পেয়ে পুলিশ সদস্যরা তাঁকে ধরতে সেখানে যান। অভিযান চালালেও তাঁকে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
পরদিন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ওয়াকিল নগর ভবনে ছিলেন না; তাঁর দুই ভাই দেখা করতে এসেছিলেন। ওই সময় মেয়র ওয়াকিলকে সন্ত্রাসী নয়, ‘জুলাইযোদ্ধা’ বলে দাবি করেন। একই সঙ্গে খুলশী থানার তৎকালীন ওসি আবদুর রহিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি।
এরপর আবদুর রহিমকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের সিটিএসবি শাখায় বদলি করা হয়। তার পরদিন তাঁকে চট্টগ্রাম থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।