মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা হামলা
শনিবার ভোরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে দ্রুত নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের মিরসরাই উপজেলা সদর শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে ঘটা এই ঘটনায় ব্যাংকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিজ্ঞাপন
গ্রামীণ ব্যাংক মিরসরাই সদর শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় রনজিত কুমার নাথ নামের একজন নিরাপত্তাকর্মী দায়িত্বরত ছিলেন। ভোরের আলো ফোটার কিছু সময় আগে নিরাপত্তাকর্মীকে ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা ব্যাংকের নিরাপত্তাদেয়ালের ভেতরে ঢুকে পড়ে। তারা প্রথমে গানপাউডার ছিটিয়ে তিনটি পেট্রলবোমা ছুড়ে মারে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলেও একটি অবিস্ফোরিত অবস্থায় ছিল, যা পরে পুলিশ আলামত হিসেবে জব্দ করে।
শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন আরও বলেন, পেট্রলবোমার আঘাতে ব্যাংকের সামনের সাইনবোর্ড, সদর দরজার ভেতরে ও দ্বিতীয় তলায় আগুন ধরে গিয়েছিল। তিনি জানান, ‘আগে থেকেই পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা থাকায় বালু ও বালতিভর্তি পানি মজুত রেখে আমাদের অগ্নিনির্বাপণের পূর্বপ্রস্তুতি ছিল। যার কারণে ব্যাংকের নিরাপত্তাকর্মী ও ভেতরে থাকা কর্মকর্তারা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালে পুলিশের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের শাখা পরিদর্শন করেছেন।’
আনোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় ব্যাংকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মিরসরাই সদর শাখায় অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমরা তদন্ত করছি। এই ঘটনায় ব্যাংকটির কোনো কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ করেননি।’