চট্টগ্রামে কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ উদ্ধার
স্বামী বাজার থেকে ফিরে দরজা ভেঙে স্ত্রীর মরদেহ দেখতে পান
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলায় সোমবার রাতে ছন্দা শর্মা কান্তা (৩৭) নামের এক কলেজশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে স্ত্রীকে বাজার করে আনতে বলেছিলেন ছন্দা শর্মা কান্তা। রাত আটটার দিকে স্বামী মলয় কান্তি শর্মা বাজার নিয়ে বাসায় ফিরে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দিবাগত রাত ১টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার বেলা তিনটায় খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন ছন্দার বড় ভাই মনোজ শর্মা। মামলার নথিতে উল্লেখ করা হয়, ১৩ বছর আগে বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মলয় কান্তি শর্মার সঙ্গে ছন্দার বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান নেই এবং ছন্দার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়।
মনোজ শর্মা লিখিত বক্তব্যে জানিয়েছেন, বোনের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের কারও প্রতি কোনো অভিযোগ বা সন্দেহ নেই।