গাজীপুরে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক, বন্ধ ৩২ কারখানা
শ্রম আইন ২০০৬–এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর জেলা প্রতিনিধি · গাজীপুর
প্রকাশ:
মজুরি বৃদ্ধির দাবিতে টানা অবরোধ ও অসন্তোষের পর আজ রোববার সকালে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে শ্রম আইন ২০০৬–এর ১৩(১) ধারা অনুযায়ী মোট ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলেও তাঁরা সড়ক অবরোধ করেননি এবং বেলা ১১টার দিকে শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরে যান।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা, মহানগর ও শিল্প পুলিশের সমন্বয়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বর্তমানে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি ও ১০ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।