দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা ও বকেয়া বেতনের দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা ডেস্ক · গাজীপুর
প্রকাশ:
আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া ও বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জরুরি সিন্ডিকেট সভা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য দপ্তরে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়। অফিস আদেশে জানানো হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
এর আগে ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচি রাত পৌনে ৯টা পর্যন্ত অব্যাহত ছিল। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উদ্ভূত অচলাবস্থা নিরসনের লক্ষ্যে সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।