পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ঢাকায় বিশেষ কর্মসূচি
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
পর্যটন ও আতিথেয়তা শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ তৈরির লক্ষ্যে রাজধানীতে দিনব্যাপী বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আনলকিং ক্যারিয়ারস অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ ফর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) স্টুডেন্টস ইন ট্যুরিজম ইন্ডাস্ট্রি’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে দেশের ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, নবীন স্নাতক এবং শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন। এতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটিইউ) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে চাকরি ও ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে হোটেল ব্যবস্থাপনা, সেলস অ্যান্ড মার্কেটিং, ট্যুর অপারেশন, টিকিটিং ও রিজার্ভেশন, এভিয়েশন, ফ্রন্ট ডেস্ক, হাউসকিপিং এবং উদ্যোক্তা উন্নয়নের মতো ক্ষেত্রগুলো বিশেষ গুরুত্ব পায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন পর্যটন ও আতিথেয়তা খাতের শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময়ের সুযোগ। এ সময় শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ, দক্ষতা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি চাকরির সম্ভাবনা তৈরির লক্ষ্যে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।
আয়োজনে পর্যটন শিল্পে পেশাগতভাবে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং পেশাদার আচরণের গুরুত্ব তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পর্যটন খাতে দক্ষ জনবল তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।