আগামী বছর থেকে নিনটেনডোতে গুগল ও অ্যাপল দিয়ে লগ-ইন বন্ধ
আগামী বছরের ২৬ জানুয়ারি থেকে এই পদ্ধতি আর কার্যকর থাকবে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
আগামী বছরের শুরুতেই গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে লগ-ইন করার সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাপানি গেইমিং জায়ান্ট নিনটেনডো। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানায়, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের দ্রুত তাদের সাইন-ইন পদ্ধতি আপডেট করতে হবে। আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি থেকে গুগল ও অ্যাপল আইডি ব্যবহার করে নিনটেনডো অ্যাকাউন্টে প্রবেশ বা নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগ আর থাকবে না।
বিজ্ঞাপন
পাশাপাশি, গুগলের সঙ্গে নিনটেনডো অ্যাকাউন্ট যুক্ত করার মাধ্যমে যে ‘মাই নিনটেনডো প্লাটিনাম পয়েন্টস’ পাওয়ার সুযোগ ছিল, সেই মিশনটিও বন্ধ করে দেওয়া হচ্ছে। নিনটেনডো তাদের সাপোর্ট পেইজে জানিয়েছে, সিস্টেম পরিবর্তনের অগ্রগতির ওপর নির্ভর করবে ঠিক কোন সময়ে এই সাইন-ইন সুবিধা পুরোপুরি বন্ধ হবে। তাই ২৬ জানুয়ারির আগেই ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা পাসকি সেট আপ করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
পাসকি সেট আপ করতে ব্যবহারকারীকে প্রথমে নিজের অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে। এরপর ‘সাইন-ইন অ্যান্ড সিকিউরিটি সেটিংস’ থেকে ‘পাসকিস’ মেনুতে গিয়ে ‘এডিট’ অপশন থেকে ‘রেজিস্টার নিউ পাসকি’ নির্বাচন করতে হবে। এর ফলে ব্যবহারকারীরা তাদের ডিভাইসের নিজস্ব যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তবে এই সুবিধা তুলে নেওয়ার সুনির্দিষ্ট কারণ বা কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না, সে বিষয়ে নিনটেনডো কিছু জানায়নি।