রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
সন্ত্রাসবিরোধী মামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন চৌধুরী (৩৬) এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন (৫০)। এদের মধ্যে আবুল হোসেন মোহাম্মদপুরের বাবর রোড ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাত সোয়া আটটার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগের গলি এলাকা থেকে মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন আবুল হোসেন। তিনি ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও দলীয় মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।