প্রথম সিনেমা শেষ করতে আগ্রহী তানজিন তিশা
শুটিং বন্ধ থাকলেও সিনেমার জন্য শিডিউল প্রস্তুত রেখেছেন এই অভিনেত্রী
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা প্রথমবার সিনেমায় অভিনয় করতে গিয়ে নতুন করে আলোচনায় আসেন, কারণ তাঁর সহশিল্পী শাকিব খান। বড় বাজেটের এই সিনেমার জন্য দীর্ঘ সময় তিনি অন্য কোনো কাজে যুক্ত হননি। তবে অর্ধেকের বেশি শুটিং হওয়ার পর সিনেমাটির কাজ বর্তমানে আটকে আছে। শোনা যাচ্ছিল নভেম্বরে আবার শুটিং শুরু হতে পারে, কিন্তু এর মধ্যে এ মাসেই ঈদুল ফিতরের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান।
বিজ্ঞাপন
‘সোলজার’ নিয়ে মন খারাপের কিছু নেই বলে জানিয়েছেন তানজিন তিশা। প্রথম সিনেমাটি নিয়ে এখনো আত্মবিশ্বাসী ও আশাবাদী তিনি। শুটিংয়ের জন্য তাঁর শিডিউলও দেওয়া আছে এবং যেকোনো সময় কাজ শুরু হলে তিনি তাতে অংশ নেবেন। শনিবার দুপুরে তানজিন তিশা বলেন, ‘“সোলজার” সিনেমা নিয়ে আমার শিডিউল ওপেন। সিনেমার শুটিং শুরু হলেই আমি যুক্ত হব। এমন নয় যে আমার সঙ্গে কিছু হয়েছে। আমি আগ্রহ নিয়েই শুটিংয়ের অপেক্ষা করছি।’
শুটিং বন্ধ থাকলেও এই সময়ে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সিনেমাটির জন্য আপাতত নতুন কোনো বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। এর আগেও ‘সোলজার’-এর জন্য চার মাস কোনো কাজ করেননি এবং তখনো সিনেমাটির জন্য শিডিউল দিয়ে রেখেছিলেন। এখনো শুটিং শুরুর অপেক্ষায় থাকা তিশার কথায়, ‘“সোলজার” আমার কাছে এখনো প্রধান প্রায়োরিটি।’
পছন্দের সেই সিনেমার শুটিং হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। ঈদে সিনেমাটি মুক্তি পাবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে এবং কোথাও কোথাও বলা হচ্ছে, অভিনয়শিল্পীদের অনেকে পারিশ্রমিক পাননি। এ কারণে কেউ কেউ পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত শুটিংয়ে যেতে চাইছেন না।
এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘পারিশ্রমিক নিয়ে জটিলতা রয়েছে বলে শুনেছি। তবে সরাসরি এসব বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তেমন কথা হয়নি। আমি সবচেয়ে বেশি ভাবছি সিনেমাটি শেষ করা নিয়ে।’
বিজ্ঞাপন
সিনেমাটির গানের অংশের শুটিং এখনো বাকি আছে। কবে আবার শুটিং শুরু হতে পারে, তা জানতে পরিচালক ফাহাদ খানকে ফোন করা হলেও তিনি ধরেননি। শুটিং কেন ঝুলে আছে, জানতে চাইলে তিশা বলেন, ‘“সোলজার” সিনেমা নিয়ে ভেতরে অনেক কিছুই শুনছি। আমি সেগুলোতে কান দিতে চাই না। আমি চাই, ভুলভ্রান্তি থাকলে সেগুলো মিটিয়ে সিনেমার শুটিং শুরু হোক। দীর্ঘ ক্যারিয়ারে আমার প্রথম সিনেমা। সেটা ভালোভাবে দর্শকদের কাছে আসুক, প্রপার ওয়েতে কাজটা হোক—সেটাই চাই।’
‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয় ২০২৫ সালের ৫ অক্টোবর। প্রথম দিন থেকেই শুটিং শুরু হলেও সেদিন অংশ নেননি শাকিব খান। পরে তিনি ও অন্য প্রধান অভিনয়শিল্পীরা শুটিংয়ে যুক্ত হন। সে সময় শাকিব খানের একটি নতুন লুকও বেশ আলোচনায় এসেছিল।