মায়ের কবরের পাশে সমাহিত হবেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী
দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগা এই শিল্পী শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি এবং নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাঁকে।
বিজ্ঞাপন
শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক জানান, সম্প্রতি স্ট্রোক ও ডেঙ্গুসহ একাধিক শারীরিক জটিলতায় সাহেদের স্বাস্থ্যের অবনতি ঘটে। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতাল থেকে মরদেহ শেষ গোসলের জন্য নেওয়া হয়েছে এবং এরপর তা গোপীবাগ আড়াই লেনের বাসায় নেওয়া হবে।
আজ শুক্রবার বাদ আসর ঢাকার গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। নিজের শেষ ইচ্ছা অনুযায়ী এই স্থানে তাঁকে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অসুস্থতার কারণে সাহেদের নতুন গান প্রকাশের আয়োজনও অপূর্ণ রয়ে গেছে। দীর্ঘ ১১ বছর ধরে তৈরি করা ২৪টি গান জি-সিরিজের ব্যানারে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রকাশ হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তা বাতিল করা হয়। এছাড়া এ মাসেই কিডনি প্রতিস্থাপনের জন্য তাঁর দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল।
‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন। ১৯৯১ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় এবং এরপরে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। ‘রোকযানা’ গান ছাড়াও তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।