নওগাঁয় নবজাতক চুরির অভিযোগে বগুড়ায় নারী আটক
উদ্ধার হওয়া নবজাতকটি নিখোঁজ শিশুর কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে
নওগাঁ জেলা প্রতিনিধি · নওগাঁ
প্রকাশ:
নওগাঁর বলাকা ক্লিনিক থেকে অস্ত্রোপচারের পর নবজাতক নিখোঁজের অভিযোগের ঘটনায় বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে সাত থেকে আট দিন বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও এক নারীকে আটক করা হয়।
বিজ্ঞাপন
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি দাবি করলেও পরে তিনি নবজাতকটি সংগ্রহের কথা স্বীকার করেন। শিশুটির প্রকৃত মা-বাবার সন্ধান না পাওয়া পর্যন্ত সে পুলিশ হেফাজতে থাকবে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হবে।
ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর, যখন শান্ত ইসলামের স্ত্রী সান্ত্বনা আক্তারের বলাকা ক্লিনিকে অস্ত্রোপচার হয়। পরিবারের অভিযোগ, আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ সন্তান থাকার কথা থাকলেও অস্ত্রোপচারের পর তাঁদের একটি কন্যাশিশু দেওয়া হয়। এ ঘটনায় শান্ত ইসলাম নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, অস্ত্রোপচারের আগে দুটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনের একটিতে যমজ সন্তান থাকার তথ্য ছিল। এ ঘটনায় তারা ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলেন।
অন্যদিকে, ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে চিকিৎসক, ক্লিনিক মালিক এবং বিএমএ ও ক্লিনিক মালিক সমিতির নেতারা অভিযোগটি নাকচ করেছেন। তাঁদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল এবং আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে ভুল ছিল, যা তদন্ত করা প্রয়োজন।
বিজ্ঞাপন
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা দ্রুত উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।