ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আট বিভাগের খাবার-সংস্কৃতির মেলবন্ধন
আট বিভাগের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির মেলবন্ধনে আয়োজিত এই উৎসবে থাকছে তিন শতাধিক পদের স্বাদ নেওয়ার সুযোগ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
দেশের আট বিভাগের ঐতিহ্যবাহী খাবার, শিল্পকলা ও লোকজ সংস্কৃতিকে এক ছাদের নিচে তুলে ধরতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী উৎসব ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশের খাবার কেবল রসনার তৃপ্তি নয়, এর সঙ্গে মিশে আছে অঞ্চলভিত্তিক ইতিহাস, মানুষের জীবনযাপন, লোকজ সংস্কৃতি ও প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ঐতিহ্য। প্রতিটি পদের সঙ্গে জড়িয়ে থাকা নিজস্ব জনপদের গল্পকে খাবার ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরতেই এই আয়োজন।
বিজ্ঞাপন
১১ নভেম্বর সন্ধ্যায় হোটেলটির ক্যাফে সোশ্যাল-এ বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন ও দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড। উৎসবের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যঐতিহ্য, শিল্পকলা ও সংস্কৃতিকে দেশি-বিদেশি অতিথিদের সামনে তুলে ধরা।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় উদ্যাপনে পুঁথিপাঠের পরিবেশনা ছিল। এরপর ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের পরিচালক অলিভিয়ের লরো স্বাগত বক্তব্যে জানান, দেশের আট বিভাগের খাবার, ঐতিহ্য ও সংস্কৃতিকে একই আয়োজনে তুলে ধরার পরিকল্পনা থেকেই এ উৎসবের আয়োজন। তিনি বলেন, “শুধু খাবার পরিবেশন নয়, লোকজ পরিবেশনা, শিল্পকর্ম প্রদর্শনী, সরাসরি চিত্রাঙ্কন এবং স্থানীয় কারুশিল্পীদের তৈরি ঐতিহ্যবাহী পণ্যের মাধ্যমে বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে এখানে।”
উৎসবের মূল আকর্ষণ খাবার। হোটেলটির একজিকিউটিভ শেফ শীতল বটলেরো ও তাঁর রন্ধনশিল্পীদের দল দেশের আট বিভাগের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পদগুলো এক ছাদের নিচে নিয়ে আসার চেষ্টা করেছেন। মেনু তৈরিতে আঞ্চলিক খাবারের স্বকীয়তা, পরিচিত স্বাদ ও স্থানীয় রান্নার বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। একজিকিউটিভ শেফ জানান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিচিত খাবারের পাশাপাশি স্থানীয় মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাসে থাকা নানা পদও স্থান পেয়েছে এ আয়োজনে। ফলে এটি কেবল বিশেষ কোনো উৎসবের খাবারের আয়োজন নয়, বরং বাংলাদেশের ঘরোয়া ও আঞ্চলিক রন্ধনঐতিহ্যের বিস্তৃত উপস্থাপন।
খাবারের তালিকায় বিভিন্ন ধরনের ভর্তা, পিঠা, মাংসের নানা পদ, কাবাব, নিহারি, আঞ্চলিক মাছ ও মাংসের রান্নাসহ পরিচিত ও ঐতিহ্যবাহী অনেক পদ রয়েছে। পাশাপাশি পিঠা, মিষ্টান্ন ও বেকারির আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক অতিথিদের জন্য রাখা হয়েছে বিভিন্ন দেশের খাবার। শেফের তথ্যমতে, উৎসবজুড়ে তিন শতাধিক পদের স্বাদ নেওয়ার সুযোগ থাকছে। খাবারগুলোকে শুধু বুফের তালিকায় সীমাবদ্ধ না রেখে বিভিন্ন অঞ্চলের রন্ধনপরিচয়ের অংশ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যাতে একই জায়গায় দাঁড়িয়ে দেশের নানা প্রান্তের খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি সেগুলোর সঙ্গে পরিচিত হওয়া যায়।
বিজ্ঞাপন
খাবারের পাশাপাশি উৎসবজুড়ে সরাসরি চিত্রাঙ্কন, শিল্পকর্ম প্রদর্শনী, লোকজ পরিবেশনা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রদর্শনী রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন ও দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের উপদেষ্টা ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি দেশের সংস্কৃতি, শিল্পচর্চা ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এরপর সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কোম্পানি সচিব মোহাম্মদ মুজাফফর হোসেন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
মোহাম্মদ মুজাফফর হোসেন তাঁর বক্তব্যে খাবারের সঙ্গে ইতিহাস ও সংস্কৃতির সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “কোনো খাবারের নাম উচ্চারণ করলেই আমাদের মনে নির্দিষ্ট কোনো অঞ্চলের ছবি ভেসে ওঠে। যেমন কালাভুনার কথা বললে চট্টগ্রামের কথা মনে পড়ে, আবার দইয়ের কথা বললে সামনে আসে বগুড়ার পরিচিতি। এভাবেই খাবার একটি জনপদের পরিচয় বহন করে।” তিনি আরও বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে খাবার হতে পারে চমৎকার একটি মাধ্যম।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবে জনপ্রতি অংশগ্রহণের মূল্য ১১ হাজার ৫০০ টাকা। নির্দিষ্ট ২৮টি ব্যাংকের কার্ডে ‘একটি কিনলে তিনটি বিনা মূল্যে’ অফার রয়েছে, যেখানে শর্তসাপেক্ষে জনপ্রতি কার্যকর মূল্য দাঁড়াবে ২ হাজার ৮৭৫ টাকা। ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসব যারা দেশের বিভিন্ন অঞ্চলের খাবারের স্বাদ নিতে চান এবং বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির নানা অনুষঙ্গের সঙ্গে পরিচিত হতে চান, তাদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হতে পারে।