ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি
ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে মো. রায়হান খানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মো. রায়হান খান নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এবং বিজয় একাত্তর হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর বাড়ি খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বৃহস্পতিবার ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী তাঁকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন। একই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক এনামুল হক সজীব, অধ্যাপক শান্টু বড়ুয়া, আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিস্ফোরণের ঘটনায় ওই শিক্ষার্থীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নাশকতার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে আছে। প্রতিবেদন পাওয়ার পর বিধি মোতাবেক পরবর্তী স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার বেলা দুইটার পর কলা ভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কার চালক গুরুতর আহত হন এবং একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। আহত চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।