নিজস্ব এআই এজেন্ট আনছে টিকটক নির্মাতা বাইটড্যান্স
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই উদ্যোগ নিয়েছে চীনা প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বিশ্বের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন এআই সহকারী আনার প্রস্তুতি নিচ্ছে টিকটকের মূল নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্স। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চীনা এই প্রযুক্তি কোম্পানিটি তাদের নতুন এআই এজেন্ট উন্মোচন করতে পারে।
বিজ্ঞাপন
ব্লুমবার্গের তথ্যমতে, মেটার মিউজ এআই এজেন্টের আদলেই বাইটড্যান্সের এই সহকারীটি কাজ করবে। বর্তমানে মেটার মিউজ এআই এক কোটিরও বেশি ব্যবহারকারী আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। মেটা প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এই এজেন্ট কোম্পানির বিভিন্ন অ্যাপের তুলনায় ব্যবহারকারী প্রতি আরও বেশি আয় তৈরি করতে পারবে।
বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝাং ইমিং সম্প্রতি কর্মীদের জানিয়েছেন, এআই খাতের অগ্রগতিতে অন্যদের ছুঁতে কোম্পানিটির অন্তত ২০২৯ বা ২০৩০ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এর আগে বাইটড্যান্স তাদের ভিডিও জেনারেটর সিড্যান্সের জন্য পরিচিতি পায়, যা এ বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
নতুন এই এআই এজেন্টের নাম বা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি বাইটড্যান্স। এ ছাড়া এনগ্যাজেটের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলেও বাইটড্যান্স কোনো সাড়া দেয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, বাইটড্যান্স যদি নিজস্ব এআই এজেন্ট বাজারে আনে তবে তা তথ্য সুরক্ষা, ডেটা প্রাইভেসি এবং ব্যক্তিগত এজেন্টগুলোর ব্যবহারকারীর তথ্যে প্রবেশাধিকার নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।