শেরপুরের পাহাড়ি এলাকায় ধানখেত ঘিরে হাতির আতঙ্ক
সীমান্তবর্তী তিন উপজেলায় ৭ হাজার ৭৫৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হলেও ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা
শেরপুর জেলা প্রতিনিধি · শ্রীবরদী, শেরপুর
প্রকাশ:
শেরপুরের গারো পাহাড়ের পাদদেশে এখন সবুজে–হলুদে মেশানো আমন ধানের অপরূপ দৃশ্য। পাহাড়ের কোলঘেঁষে থাকা ধানের খেতে কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা সবুজ, আবার কোথাও সোনালি আভা দেখা যাচ্ছে। বাতাসে দুলছে ধানের শিষ, যা দেখে মনে হয় যেন পাহাড়ের গায়ে কেউ নকশিকাঁথা বিছিয়ে রেখেছে। তবে এমন মনকাড়া দৃশ্যে চোখ জুড়ালেও স্থানীয় কৃষকদের মনে স্বস্তি নেই, কারণ ধান পাকলেই পাহাড় থেকে নেমে আসে বন্য হাতির দল। এসব বন্য হাতি মুহূর্তে তছনছ করে দিতে পারে কৃষকের সারা বছরের কষ্টের ফসল।
বিজ্ঞাপন
শেরপুরের গারো পাহাড়সংলগ্ন সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকায় এখন আমন ধানের সমারোহ। কৃষকদের প্রত্যাশা, আর কয়েক সপ্তাহ পরই মাঠে ধান কাটা শুরু হবে। গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সীমান্ত সড়ক ধরে তিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাহাড়ের পাদদেশের গ্রামগুলোতে ধান চাষের এমন চিত্র। শ্রীবরদীর কণঝুড়া, হালচাটি, ঝুলগাঁও, বালিজুরি, বাবলাকুনা ও খাড়ামুরা; ঝিনাইগাতীর রাংটিয়া, বড় গজনী, ছোট গজনী, তাওয়াকুচা ও গোমড়া; নালিতাবাড়ীর সমশ্চূড়া, পোড়াবাড়ি, বুরুঙ্গা, বাতকুচি, বারোমারি, দাওধারা–কাটাবাড়ি, তারানি ও পানিহাতাসহ বিভিন্ন এলাকায় ধান চাষ হয়েছে। সকালে অনেক কৃষককে খেতের আইল ধরে ধানের অবস্থা পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে শ্রীবরদীর বালিজুরি গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘ধান এইবার ভালো হইছে, সময়মতো বৃষ্টিও হইছে। কিন্তু ধান কাটতে আর ২০–২৫ দিন লাগবে। পাহাড়ে হাতি থাকায় ফসল ঘরে তোলা নিয়েই চিন্তা।’ তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিবছর ধান পাকতে শুরু করলেই হাতির আক্রমণের আশঙ্কায় তাঁদের দুশ্চিন্তা বেড়ে যায়। একই শঙ্কার কথা জানান ঝিনাইগাতীর রাংটিয়া গ্রামের কৃষক সঞ্জয় মারাক। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে এই ফসল ফলাইছি। হাতির ভয় আছে। ফসল ঘরে তুলতে পারব কি না, সেই চিন্তায় আছি।’
বন বিভাগ সূত্রে জানা যায়, গারো পাহাড়ে সারা বছর হাতির বিচরণ থাকলেও ধান ও কাঁঠাল পাকার মৌসুমে লোকালয়ে এদের আনাগোনা বৃদ্ধি পায়। খাবারের সন্ধানে দল বেঁধে পাহাড় থেকে সমতলে নেমে এলে সীমান্তবর্তী এলাকার কৃষকেরা ফসলহানির ঝুঁকিতে পড়েন। নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম জানান, গত শুক্রবার পাঁচ–ছয়টি হাতি মধ্যরাত পর্যন্ত ইকোপার্কে অবস্থান করছিল।
এ ছাড়া প্রায় ৩৫ থেকে ৪০টি হাতি কয়েকটি দলে ভাগ হয়ে কাটাবাড়ি, নাকুগাঁও ও পানিহাটা সীমান্ত এলাকায় আছে। সন্ধ্যার পর এসব হাতি লোকালয়ে চলে আসে। তিনি আরও জানান, হাতিগুলো বনে ফেরাতে গ্রামবাসী, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও বন বিভাগের সদস্যরা কাজ করছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি কাটাবাড়ি এলাকায় হাতির আক্রমণে প্রায় ৪০ শতাংশ ফসল নষ্ট হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের জন্য বন বিভাগে আবেদন করতে বলা হয়েছে।
শ্রীবরদীর বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা জানান, সারা বছর ১৩০ থেকে ১৪০টি হাতি শাবকসহ ৩–৪টি দলে ভাগ হয়ে গারো পাহাড়ে খাবারের সন্ধানে ঘোরে। ধান ও কাঁঠাল পাকার সময় হাতিগুলো লোকালয়ে নেমে আসে। বর্তমানে প্রায় ১৫ দিন ধরে বালিজুরি রেঞ্জ এলাকায় ৪৫টি হাতি অবস্থান করছে এবং দলটি বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে আছে। রাতুল সাহা আরও জানান, পাহাড়ের ঢালে ফসলের ক্ষতি ঠেকাতে ইআরটির সদস্যরা কাজ করছেন। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ম অনুযায়ী বন বিভাগ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং স্থানীয় লোকজনকে হাতির কোনো ক্ষতি না করতে সতর্ক করা হচ্ছে।
শেরপুর জেলা বন বিভাগ ও কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৭ হাজার ৭৫৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শ্রীবরদীতে ৩ হাজার ৫০১ হেক্টর, ঝিনাইগাতীতে ২ হাজার ১৪০ হেক্টর এবং নালিতাবাড়ীতে ২ হাজার ১১৬ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। বর্তমানে প্রায় ১২ শতাংশ জমির ধান থোড় অবস্থায় আছে, ১০ শতাংশ জমিতে ফুল এসেছে এবং অধিকাংশ জমির ধান পেকে সোনালি রং ধারণ করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন জানান, সীমান্তবর্তী এলাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। পাহাড়ি অঞ্চলে সেচের সমস্যার কারণে চাষাবাদ কিছুটা দেরিতে হওয়ায় ধান কাটতে আরও কিছু সময় লাগবে।