জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, সন্দেহে আটক ১
ক্যাম্পাসের দ্বিতীয় ফটকের পাশে বাস পার্কিং এলাকায় সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্কিংয়ে রাখা দুটি বাসের মাঝখানে বিকট শব্দের এই বিস্ফোরণটি হয়। এই ঘটনার পর ছাত্রদলের নেতা-কর্মীরা রেজওয়ান আহমেদ নামের এক শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মী সন্দেহে আটক করেছেন।
বিজ্ঞাপন
আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ বিকট শব্দ শোনার পর ঘটনাস্থলে ধোঁয়া উড়তে দেখেন তারা। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় কাউকে দেখা যায়নি বলে তারা জানিয়েছেন।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ‘সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। ওই সময় দ্বিতীয় ফটকে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। আমরা তখন ক্যাম্পাসে ছিলাম না। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’ সন্দেহভাজন শিক্ষার্থীকে আটকের বিষয়ে তিনি আরও বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা একজনকে আটক করেছেন এবং এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।