মক্কা বিজয়ের দিনেও কেন ১৪ জনকে ক্ষমা করেননি মহানবী (সা.)
সাধারণ ক্ষমার ঘোষণা সত্ত্বেও সুনির্দিষ্ট রাষ্ট্রদ্রোহ ও খুনের অপরাধে অভিযুক্তদের জন্য ছিল কঠোর নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইসলামি ইতিহাসের সবচেয়ে বড় ‘সাধারণ ক্ষমা’র দিন হিসেবে পরিচিত মক্কা বিজয়ের দিন। দীর্ঘ ২৩ বছর ধরে মুসলমানদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো মক্কাবাসীকে মহানবী (সা.) সেদিন এক বাক্যে ক্ষমা করে বলেছিলেন, ‘আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত।’
বিজ্ঞাপন
তবে এই বিশাল ক্ষমার মাঝেও ১৪ জন (মতান্তরে ১০ থেকে ১৫ জন) সুনির্দিষ্ট ব্যক্তির জন্য মহানবী (সা.) নির্দেশ দিয়েছিলেন, তাদের কাবা শরিফের গিলাফ ধরা অবস্থায় পাওয়া গেলেও যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমন এক ক্ষমার দিনেও কেন তিনি এই কয়েকজনের প্রতি কঠোর হয়েছিলেন, তা নিয়ে রয়েছে ঐতিহাসিক বিশ্লেষণ।
তালিকায় থাকা কয়েকজন সাধারণ অপরাধী ছিলেন না; তারা ছিলেন রাষ্ট্রদ্রোহী ও খুনি। উদাহরণস্বরূপ, আবদুল্লাহ ইবনে খাতাল ও মিকয়াস ইবনে সুবাবাহ মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মহানবী (সা.) তাদের রাষ্ট্রীয় কাজে জাকাত আদায়ের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু তারা নিজেদের নিরপরাধ মুসলিম ভৃত্যদের নির্মমভাবে হত্যা করেন, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেন এবং ধর্মত্যাগ করে মক্কায় পালিয়ে যান।
এটি ছিল সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ও খুনের অপরাধ। সহিহ হাদিসে এসেছে, মক্কা বিজয়ের দিন সাহাবিরা এসে বলেছিলেন, ‘ইবনে খাতাল কাবার গিলাফ ধরে ঝুলছে।’ তখন মহানবী (সা.) বলেছিলেন, ‘তাকে হত্যা করো।’ (সহিহ বুখারি, হাদিস: ১৮৪৬)। একইভাবে মিকয়াস ইবনে সুবাবাহ তার ভাইয়ের রক্তের ক্ষতিপূরণ মদিনা রাষ্ট্র থেকে পুরোপুরি গ্রহণ করার পরও এক নিরপরাধ মুসলিমকে হত্যা করে মক্কায় পালিয়েছিলেন, যার ফলে বাজার এলাকায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
তালিকায় থাকা আল-হুওয়াইরিস ইবনে নুকাইদ ও হাব্বার ইবনে আল-আসওয়াদ নবীজির কন্যা জয়নবের উটের ওপর বর্শা নিয়ে হামলা চালিয়েছিলেন। জয়নব (রা.) তখন গর্ভবতী ছিলেন, হামলায় উট থেকে পাথরের ওপর ছিটকে পড়ে তার গর্ভপাত হয় এবং পরে তিনি ইন্তেকাল করেন। এটি কোনো যুদ্ধ ছিল না, বরং একজন নিরপরাধ গর্ভবতী নারীর ওপর পরিকল্পিত ও নৃশংস আক্রমণ ছিল। তাই মক্কা বিজয়ের দিন নবীজি নির্দেশ দিয়েছিলেন হুওয়াইরিসকে পেলেই যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় (ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যাহ, ২/৪০৯, মুস্তফা আল-বাবি আল-হালাবি, কায়রো, ১৯৫৫)। পলায়নকালে আলী (রা.)-এর নেতৃত্বে তার বিচারিক দণ্ড কার্যকর করা হয়।
বিজ্ঞাপন
তালিকায় থাকা কয়েকজন ছিলেন নারী, যেমন—ইবনে খাতালের দুজন গায়িকা দাসী (ফারতানা ও কুরাইনা) এবং সারাহ। সে যুগে তারা ‘প্রোপাগান্ডা মেশিন’ হিসেবে কাজ করতেন। ফারতানা ও তার সঙ্গীর পেশা ছিল মিথ্যা অপবাদ ছড়িয়ে মহানবী (সা.) ও মুসলমানদের বিরুদ্ধে অশ্লীল ও উসকানিমূলক গীত গাওয়া এবং মক্কার যুবকদের মুসলমানদের হত্যায় প্ররোচিত করা। আর সারাহ মদিনা থেকে মক্কার কোরাইশদের কাছে গোপনে সামরিক তথ্য পাচারের দায়ে অভিযুক্ত ছিলেন। মতপ্রকাশের স্বাধীনতার নামে তারা মূলত সমাজে দাঙ্গা ও রক্তপাতের ইন্ধন জোগাতেন। এদের মধ্যে মক্কা বিজয়ের পর শুধু ফারতানার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
মক্কার সাধারণ ক্ষমা ছিল মূলত রাজনৈতিক ও যুদ্ধবন্দীদের জন্য। মহানবী (সা.) মক্কা বিজয়ের দিন রাজনৈতিক নেতা হিসেবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু একজন প্রধান বিচারপতি হিসেবে খুনি ও রাষ্ট্রদ্রোহীদের আইনি দণ্ড (কিসাস) মওকুফ করেননি। সফিউর রহমান মুবারকপুরী রচিত ‘আর-রাহিকুল মাখতুম’ (পৃ. ৩৯৫-৩৯৯, দারুস সালাম, রিয়াদ, ২০০২) অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় মাত্র ৪ জনের (ইবনে খাতাল, মিকয়াস ইবনে সুবাবাহ, হুওয়াইরিস ও ফারতানা) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। বাকিরা নিজেদের অপরাধ বুঝতে পেরে নবীজির কাছে এসে অনুতপ্ত হন, ইসলাম গ্রহণ করেন এবং নবীজিও তাদের ক্ষমা করে দেন।
পরে যারা ক্ষমা পান তাদের মধ্যে রয়েছেন ইকরিমা ইবনে আবি জাহল, যিনি উহুদ ও খন্দক যুদ্ধের অন্যতম মূল উসকানিদাতা ছিলেন। তিনি ইয়েমেনে পালিয়ে গেলেও তার স্ত্রী উম্মু হাকিমের মাধ্যমে ফিরে এসে ইসলাম গ্রহণ করলে মহানবী (সা.) তাকে সাদরে গ্রহণ করেন। জয়নব (রা.)-এর ওপর হামলার প্রধান অপরাধী হাব্বার ইবনে আল-আসওয়াদ সরাসরি মদিনায় এসে অপরাধ স্বীকার করে ইসলাম গ্রহণ করলে তাকে ক্ষমা করে দেওয়া হয়।
ওহির অনুলিপিকারক আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারহ দলত্যাগ করে মক্কায় ফিরে গিয়ে অপপ্রচার চালালেও দুধভাই ওসমান (রা.)-এর সুপারিশে নবীজি তাকে ক্ষমা করে দেন। এছাড়া উহুদের যুদ্ধে হামজার মরদেহ বিকৃত করার নেতৃত্ব দেওয়া হিন্দ বিনতে উতবাহ, ওয়াহশি ইবনে হারব, সারাহ ও কুরাইনা প্রত্যেকেই পরবর্তীতে ইসলাম গ্রহণের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা লাভ করেন। এই ঘটনা প্রমাণ করে যে ইসলামে ক্ষমা একটি মহান গুণ হলেও, সমাজকে সুরক্ষিত রাখার জন্য চরম খুনি ও রাষ্ট্রদ্রোহীদের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সমভাবেই অপরিহার্য।