দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টেইন
বাংলাদেশ জাতীয় দলের আসন্ন সফরের জন্য সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বিসিবি।
খেলা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে ডেল বেনকেনস্টেইনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সফরে বাংলাদেশ দল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
বিজ্ঞাপন
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর দুই দিন আগে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং মোহাম্মদ সালাহউদ্দীনকে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার আসন্ন সিরিজের জন্য সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার বেনকেনস্টেইনকে ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে যুক্ত করা হলো।
৫২ বছর বয়সী ডেল বেনকেনস্টেইন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন এবং দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
তার কোচিং অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালনের রেকর্ড। এছাড়া তিনি হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো ইংলিশ কাউন্টি দল এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে কোচিং করিয়েছেন।