সংসদে গঙ্গা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার দাবি বিরোধী দলের
শ্রমিক অসন্তোষ, সারসংকট ও জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ভারতের সঙ্গে করা গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া, শ্রমিক অসন্তোষ এবং জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় সংসদে আলোচনার উদ্যোগ নিয়েছে বিরোধী দল। সোমবার জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এই পরিস্থিতি পর্যালোচনার জন্য ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন।
তৈরি পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষ ও জ্বালানিসংকট নিরসনের লক্ষ্যে মোহাম্মদ নাজিবুর রহমান ১৪৭ বিধিতে আরেকটি নোটিশ দিয়েছেন। এছাড়া ৬৮ বিধিতে সারসংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
বিরোধী দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জাপান সফর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, রোহিঙ্গা সমস্যা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার মতো বিষয়গুলো নিয়েও সংসদে আলোচনার জন্য নোটিশ দেওয়া হবে।
সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে নোটিশ গৃহীত হলে সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ আলোচনার সুযোগ তৈরি হয়। স্পিকার আলোচনার সময়সীমা নির্ধারণ করে দেন এবং সাধারণত এই আলোচনার জন্য এক ঘণ্টা সময় বরাদ্দ থাকে।