তথ্য সংগ্রহের বিতর্কিত নিয়ম থেকে পিছু হটল মেটা
ব্যবহারকারীদের ওয়েবসাইটের ডেটা এআই প্রশিক্ষণে ব্যবহারের পরিকল্পনা স্থগিত করেছে কোম্পানিটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেইসবুকের মূল কোম্পানি মেটা তাদের বিতর্কিত একটি সিদ্ধান্ত থেকে সরে এসেছে। প্ল্যাটফর্ম দুটির মাধ্যমে ব্যবহারকারীদের নিজস্ব ওয়েবসাইট থেকে ডেটা সংগ্রহ এবং তা এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের যে নিয়ম করা হয়েছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
অক্টোবরের মাঝামাঝি সময়ে এই আপডেটেড শর্তাবলীর খবর প্রকাশ পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিবিদসহ বিভিন্ন মহল থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। তাদের দাবি ছিল, শর্তের মাধ্যমে ব্যবসায়ীদের নিজস্ব ওয়েবসাইটের নিয়ন্ত্রণ ছাড়তে বাধ্য করা হচ্ছে, যা কনটেন্ট প্রকাশক ও কোম্পানির মালিকদের প্রতি অসৌজন্যমূলক।
তীব্র প্রতিবাদের মুখে মেটা একাধিকবার শর্তাবলীতে পরিবর্তন আনে এবং গ্রাহকদের ক্ষোভ প্রশমনের চেষ্টা চালায়। এমনকি নতুন নিয়মাবলী থেকে ‘ট্রেইন’ বা প্রশিক্ষণ শব্দটিও মুছে ফেলা হয়। মেটা এর আগে ঘোষণা করেছিল যে, আগামী ২০ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। তবে দফায় দফায় সময়সীমা পেছানোর পর অবশেষে বিতর্কিত আপডেটগুলো স্থগিতের ঘোষণা এল।
মেটার বিজনেস হেল্প সেন্টারের একটি আপডেটেড পাতায় জানানো হয়েছে, “আমরা সংশ্লিষ্ট পার্টনারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি ও এ বিষয়ে জানানোর মতো নতুন কিছু থাকলে পরবর্তীতে বিস্তারিত আপডেট দেওয়া হবে।“ প্রতিষ্ঠানটি আরও জানায়, “এর পাশাপাশি আমাদের প্রচলিত শর্তাবলীই বহাল থাকছে।”