সাইবারট্রাকের উৎপাদন বন্ধের ঘোষণা দিল টেসলা
আগামী বছরের জুন মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসের গিগাফ্যাক্টরিতে বন্ধ হবে সাইবারট্রাকের উৎপাদন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার আলোচিত সাইবারট্রাকের উৎপাদন বন্ধ হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক জানিয়েছেন, আগামী বছরের জুন মাস নাগাদ যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত টেসলার গিগাফ্যাক্টরিতে এই গাড়ির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। সাইবারট্রাকের উৎপাদন থেকে সরে আসার এই সিদ্ধান্তকে মাস্কের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প থেকে পিছিয়ে আসা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক জানান, সাইবারট্রাকের পরিবর্তে কারখানাটিতে স্বচালিত গাড়ি সাইবারক্যাব তৈরির ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে সাইবারট্রাকের উৎপাদন অন্য কোনো কারখানায় স্থানান্তর করা হবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। টেসলার গিগাফ্যাক্টরিতেই শুধু সাইবারট্রাকের বিশেষ নকশার ভারী যন্ত্রাংশ তৈরির সক্ষমতা রয়েছে বলে অন্য কোনো কারখানায় এটি উৎপাদন করা সম্ভব নয়। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মাস্ক সাইবারট্রাককে টেসলার তৈরি ‘সেরা গাড়ি’ হিসেবে অভিহিত করে জানান, ‘একটি যুগের অবসান’।
তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে ৩৮ হাজার ৯৬৫টি সাইবারট্রাক বিক্রি হলেও ২০২৫ সালে তা কমে ২০ হাজার ২৩৭টিতে নেমে এসেছে। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে গাড়িটির বিক্রি ৪৮ শতাংশ হ্রাস পেয়েছে। অথচ উৎপাদন শুরুর সময় বছরে আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন মাস্ক, যা বাস্তবে অর্জিত হয়নি। ২০২৩ সালের শেষ দিকে এই গাড়ি বাজারে সরবরাহ শুরু করেছিল টেসলা।
অ্যাস্টন মার্টিনের সাবেক সিইও অ্যান্ডি পালমার বলেন, লক্ষ্যমাত্রা পূরণ না হলে উৎপাদন অব্যাহত রাখার কোনো অর্থ হয় না। গাড়িশিল্পের যেকোনো বিচক্ষণ ব্যক্তিই একই কথা বলবেন। টেসলার সামগ্রিক আর্থিক হিসাবের তুলনায় এই গাড়ির প্রভাব হয়তো খুব বেশি হবে না। তবে বিক্রির পরিসংখ্যানই সবকিছু স্পষ্ট করে দিচ্ছে।
এর আগে সাইবারট্রাকের নকশা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং উন্মোচনী অনুষ্ঠানে জানালার কাচ ভেঙে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন মাস্ক। এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন ত্রুটির কারণে বাজারে আসার পর থেকে ১১ বার সাইবারট্রাক প্রত্যাহারের ঘোষণা বা রিকল দিয়েছে টেসলা।