নিউগিনি প্রপার্টিজে ফের হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই মামলা
হামলার ঘটনায় আবাসন প্রকল্পের মালিক নাজিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় অবস্থিত নিউগিনি প্রপার্টিজ নামের আবাসন প্রকল্পে গত শনিবার বিকেলে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ১০ পুরুষ ও ৪ নারীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া।
বিজ্ঞাপন
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, নিউগিনি আবাসন প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ সূত্র জানিয়েছে, নাজিম উদ্দিন ভূঁইয়া ও মামলার বাদী নুর মোহাম্মদের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। ওসির ভাষ্যমতে, নাজিম উদ্দিন থানায় মামলা করতে এলেও হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিদের আসামি করতে চেয়েছিলেন, যা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতপার্থক্য হওয়ায় তিনি মামলা করেননি।
এ বিষয়ে নিউগিনি আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, আমাকে আসামি করে মামলা করা হলো। তখন পুলিশ কিছু বলেনি। আমি যখন মামলা করতে গেলাম, তখন পুলিশ বলে কয়েকজনের নাম বাদ দিতে। তাই আমি মামলা করিনি।’ সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার বিকেলে একদল যুবক ফটক ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে। নাজিম উদ্দিনের অভিযোগ, আগের হামলার ঘটনায় জামিনে মুক্ত আসামিরা সন্ত্রাসী ভাড়া করে এ হামলা করিয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল, যেখানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর চালানো হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বরের হামলার ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যুবরাজ ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিমের বাহিনীর সদস্য হিসেবে পরিচিত।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন হামলার পরিকল্পনা করেছিলেন। মামলার ১ নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ হামলা চালানোর জন্য ইব্রাহিমের সঙ্গে এক কোটি টাকার চুক্তি করেন এবং পরে ইব্রাহিম লোকজন জড়ো করে যুবরাজকে হামলার দায়িত্ব দেন। ২৬ সেপ্টেম্বরের ঘটনায় আগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে আটজন বর্তমানে জামিনে রয়েছেন এবং জড়িত আরও ৯ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।