ভিসা জালিয়াতি রোধে কার্যকর হতে পারে ভিজিবল ডিজিটাল সিল
নথির সত্যতা যাচাইয়ে আরভিএলের এই প্রযুক্তি ব্যবহারে মিলছে দ্রুত সমাধান
প্রযুক্তি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ভিজিবল ডিজিটাল সিল (ভিডিএস) প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রোববার রাজধানীর গুলশানে বাংলাদেশি প্রতিষ্ঠান রিলিফ ভ্যালিডেশন লিমিটেড (আরভিএল)-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। মূলত ভিসা আবেদনের নথিতে এই সিল যুক্ত থাকলে ইস্যু করা ব্যক্তির ডিজিটাল স্বাক্ষর থাকে, ফলে নথির কোনো অংশ জাল বা পরিবর্তন করা হলে তা সহজেই শনাক্ত করা সম্ভব হয়।
বিজ্ঞাপন
সেমিনারে আরভিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাশেদ মাহমুদ জানান, বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যানের হার বৃদ্ধির পেছনে নথির প্রতি আস্থার ঘাটতি একটি বড় কারণ। তিনি বলেন, 'বিভিন্ন দেশে বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যানের হার ক্রমাগত বাড়ছে। এ সমস্যার মূল কারণ আবেদনকারীরা নন; বরং নথির প্রতি আস্থার ঘাটতি। ব্যাংক বিবরণী, সনদ ও বেতন-সংক্রান্ত কাগজপত্র জাল করা সহজ হলেও বিদেশি মিশনগুলো দ্রুত এসব নথি যাচাই করতে পারে না। এর ফলে কিছুসংখ্যক প্রতারকের কারণে প্রতিটি আবেদনকারীকেই বাড়তি যাচাই-বাছাইয়ের মুখে পড়তে হয় এবং প্রকৃত শিক্ষার্থী ও কর্মীরা প্রত্যাখ্যানের শিকার হন।'
প্রযুক্তিটির নির্ভরযোগ্যতা নিয়ে রাশেদ মাহমুদ আরও জানান, আরভিএলের তৈরি ভিজিবল ডিজিটাল সিল সাধারণ কিউআর কোডের চেয়ে বেশি উন্নত, কারণ এতে ডিজিটাল স্বাক্ষরযুক্ত দ্বিমাত্রিক কোড থাকে। প্রতিটি ভিডিএসে থাকা তথ্য পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার (পিকেআই) প্রযুক্তিতে স্বাক্ষর করা হয়। তিনি বলেন, 'তথ্য যাচাইয়ের পর ডিজিটাল সিল দেওয়ার পর ইস্যু করা প্রতিষ্ঠানও নথির কোনো তথ্য পরিবর্তন করতে পারে না। ফলে যাচাইকারীরা নিশ্চিত হতে পারেন, নথিটি কে ইস্যু করেছে, তথ্য পরিবর্তন করা হয়েছে কি না বা নথিটি বৈধ না অবৈধ।'
অনুষ্ঠানে জানানো হয়, কাগজ ও পিডিএফ উভয় ক্ষেত্রেই এই সিল ব্যবহারযোগ্য এবং এতে সামান্য পরিবর্তন করা হলে সিল ভেঙে যায়, যা কারচুপি ধরিয়ে দেয়। ভেরিকিউআর অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাত্র কয়েক সেকেন্ডে কর্তৃপক্ষ এটি যাচাই করতে পারে, যার জন্য ইস্যুকারী প্রতিষ্ঠানকে ফোন বা ই-মেইল করার প্রয়োজন হয় না। বর্তমানে দেশের বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। চিকিৎসা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, বিমা ও বিবাহ সনদের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও নাগরিক নিবন্ধনের মতো বিভিন্ন খাতে এর ব্যবহারের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সেমিনারে বলেন, 'অল্পসংখ্যক ভিসা আবেদনে জাল বা যাচাই-অযোগ্য নথি থাকায় কর্মকর্তাদের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি খুঁটিয়ে প্রতিটি আবেদন দেখতে হয়। এর ফলে ভিসা আবেদন পর্যালোচনায় বেশি সময় ও শ্রম প্রয়োজন হয়। ভিডিএসের মতো প্রযুক্তি কম সময়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে।' সেমিনারে অন্যদের মধ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।