সাভারে ৪ বাসে আগুন, তিন রাতের ঘটনা
গাড়িগুলোতে যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি, নাশকতা বলে ধারণা ফায়ার সার্ভিসের
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ঢাকার সাভার ও ধামরাই উপজেলার চারটি ভিন্ন স্থানে গত তিন রাতে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত এসব ঘটনা ঘটে। মধ্যরাতে দাঁড় করিয়ে রাখা বাসগুলোতে আগুন লাগায় কোনো যাত্রী বা অন্য কেউ হতাহত হননি।
বিজ্ঞাপন
আজ রোববার দুপুরে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বাসে আগুনের কারণ বা এর সঙ্গে জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাগুলোকে নাশকতা হিসেবে সন্দেহ করা হচ্ছে।
সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শনিবার রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস চালক দাঁড় করিয়ে রাখেন। রাত ২টা ৫৫ মিনিটে ওই বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, “রাত ৩টা ৮ মিনিটে আগুন নেভানো হয়। বাসে চালক বা অন্য কেউ ছিলেন না। প্রাথমিকভাবে এটি নাশকতা বলে মনে হচ্ছে।”
এদিকে ধামরাই উপজেলায় গত তিন রাতে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ধামরাই ফায়ার সার্ভিস জানায়, শনিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নেভায়।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে গার্মেন্টস শ্রমিকদের পরিবহনকারী ‘পল্লী সেবা’ নামের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৩টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
এছাড়া গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে ধামরাই থানা রোড এলাকায় মেরামতের জন্য রাখা পাভেল পরিবহনের একটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৩টা ১০ মিনিটে আগুন নেভায়।
ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান বলেন, “পরপর তিন রাতে পৃথক পৃথক স্থানে একই ধরনের ঘটনা ঘটেছে। ঘটনাগুলো নাশকতামূলক বলে মনে হচ্ছে। গাড়িগুলো পরিষ্কার করে তালা মেরে চলে যাওয়ার পর রাতে পথচারী বা অন্য কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করছেন।”
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, তিন রাতে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, “ঘটনাগুলো কেন ঘটছে, কারা জড়িত এটি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে আমরা রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় সামনে রেখে প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।” ওসি আরও জানান, ধামরাই থানা রোড এলাকার ঘটনায় বাসের মালিক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
অন্যদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। তারা আজ রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে ৬ ও ৭ নভেম্বর ঢাকা ও আন্তজেলা রুটের ছয়টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।