সৌদি রুটে বিধিনিষেধ: ১৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
ইয়েমেনের হুতির হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ জারি করায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে
প্রবাস ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশ থেকে মোট ১৮৬টি ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া তথ্য অনুযায়ী, এই পরিস্থিতির কারণে অন্তত ২৩ হাজার ১৬১ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। রোববার সন্ধ্যায় বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
বেবিচক জানায়, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধ জারি করা হয়েছে। এর ফলে বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে পরিচালিত ট্রানজিট ফ্লাইটগুলোও ক্ষতির মুখে পড়েছে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ক্ষতিগ্রস্ত ১৮৬টি ফ্লাইটের মধ্যে ১০৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি, রিয়াদ এয়ারলাইনসের ২৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে। ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।
এদিকে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা–দাম্মাম–ঢাকা রুটে ৭ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল। তবে পর্যাপ্ত যাত্রী না থাকায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।