সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ১৩ বাসিন্দা হতাহত
মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সৌদি আরবের জেদ্দায় শনিবার সড়ক দুর্ঘটনায় কক্সবাজার জেলার ১৩ জন বাসিন্দা হতাহত হয়েছেন। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট থেকে আজ রাতে ঢাকায় পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
কনস্যুলেটের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। হতাহতরা তিন পরিবারের সদস্য এবং তাদের মধ্যে চারজন সৌদি আরবের আল-আবির কোম্পানিতে কর্মরত ছিলেন। ওই কোম্পানির মক্কা শাখার ব্যবস্থাপক মো. সালমান কনস্যুলেট কর্মকর্তাদের জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়িতে ওই চার কর্মী ও তাদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন।
প্রতিবেদনে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ইয়াসির ও ইয়াযান এবং মেয়ে বুশরা মারা গেছেন। তাঁর স্ত্রী শাকিরা ও মেয়ে ইউসরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একই গাড়িতে থাকা আলম শাহ তাঁর স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়াকে হারিয়েছেন। এছাড়া আলম শাহ ও তাঁর ছেলে ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় আহত ইলিয়াস তাঁর স্ত্রী আফসানা বিবিকে হারিয়েছেন এবং আহত অন্যজন হলেন গফুর আলম।
ট্রাফিক দপ্তরের প্রাথমিক ধারণা অনুযায়ী, অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় আনুমানিক ১৬০ কিলোমিটার। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।