দুই দিনে ৬ বাসে আগুন, আতঙ্কে পরিবহন মালিক ও শ্রমিকেরা
নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। গত ৬ ও ৭ নভেম্বর দুর্বৃত্তরা ঢাকা ও আন্তজেলা রুটের ছয়টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
বিজ্ঞাপন
এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে আজ রোববার চিঠি দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকাসহ সারা দেশে চলাচলকারী গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে মালিক-শ্রমিকেরা আতঙ্কিত।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানায়, সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে পুলিশ বৈঠক করবে।
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার পেছনে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য দেখছে পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের আকতার হোসেন বলেন, 'ওই গ্রুপ নাশকতার উদ্দেশ্যে ও জনমনে আতঙ্ক তৈরি করতে কাজগুলো করছে।' তিনি আরও জানান, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা রয়েছেন।