বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারির চূড়ান্ত তালিকা প্রকাশ
মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের জন্য প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে
প্রবাস ডেস্ক · ঢাকা
প্রকাশ:
মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে বিনা খরচে চাকরি করার সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি। এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ রোববার বিকেল সাড়ে চারটায় প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এই লটারি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে জমা পড়া ৪ হাজার ২৯ জন প্রার্থীর আবেদন থেকে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। লটারির সময় মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে নেওয়া হবে। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক জানান, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারি নির্বাচনী অঙ্গীকার পূরণে এ উদ্যোগ সহায়ক হবে। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে দক্ষ কর্মী বাছাই করা হয়েছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নির্বাচিতদের ফ্লাইট শুরু হবে। তিনি আরও জানান, বোয়েসেল ইতিমধ্যে পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে, যাদের সব খরচ নিয়োগকর্তা বহন করবেন।