সংসদে গঙ্গা চুক্তি ও মাতারবাড়ী নিয়ে সরব জামায়াত
পোশাকশিল্পের অস্থিরতা, জ্বালানিসংকট ও নিত্যপণ্যের দাম নিয়ে সরকারের কাছে জবাব চাইবে প্রধান বিরোধী দল
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
আগামীকাল সোমবার বিকেলে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে জাতীয় স্বার্থ ও জনজীবনের সংকট নিয়ে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতৃত্বাধীন বিরোধী দলগুলো জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে বরাবরই সোচ্চার। এবারও সংসদে সুযোগ পেলেই এই বিষয়টি সামনে আনার পাশাপাশি জাতীয় স্বার্থের বিভিন্ন সংকট নিয়ে সরকারকে প্রশ্নের মুখে ফেলতে চায় তারা।
বিজ্ঞাপন
সংসদের কার্যপ্রণালি বিধির ৬৮ ও ১৪৭ ধারাসহ বিভিন্ন বিধিতে নোটিশ দেওয়ার সুযোগ রয়েছে, যা গৃহীত হলে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়েও সমসাময়িক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে সংসদ সদস্যদের। বিরোধী দলের পরিকল্পনা অনুযায়ী, গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প, পোশাকশিল্পের অস্থিরতা, জ্বালানিসংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হবে। এছাড়া তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টিও সংসদে তুলতে চান তারা।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) রবিবার বলেন, এবারের অধিবেশনে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বেশ কিছু বিষয়ে আলোচনা তোলার চেষ্টা করবেন তাঁরা। এসব আলোচনায় জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সরকারের প্রস্তুতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কী অগ্রগতি হয়েছে, তা সংসদে জানতে চাইবেন বিরোধী দলের সদস্যরা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তিটি নবায়ন হবে নাকি নতুন করে করা হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। জামায়াতের একাধিক সংসদ সদস্য জানিয়েছেন, গঙ্গার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের অবস্থান কী এবং ভেতরে-ভেতরে যে আলোচনা হচ্ছে এতে দেশের স্বার্থ কতটা গুরুত্ব পাচ্ছে, তা তারা জানতে চাইবেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।
গত ২ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে জানান, গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন। পানিসম্পদমন্ত্রী ও সরকারের অর্থবিষয়ক উপদেষ্টা এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন এবং ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। শামা ওবায়েদ বলেন, ‘আমরা বিশ্বাস করি এবং আশাবাদী, চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তিটি নবায়ন হবে। ভারতও এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশাবাদী।’
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর আলোচনায় এসেছে। গত ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন তারেক রহমান এবং আগের দিন জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকার সঙ্গেও বৈঠক করেন। ওই বৈঠকে জাইকার পক্ষ থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা আসে। তবে মাতারবাড়ী প্রকল্পের বাস্তবায়ন, অর্থায়ন ও অগ্রগতি এবং বন্দর কারা ব্যবহার করবে, তা নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিরোধী দলের সদস্যরা।
৩১ অক্টোবর ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মাতারবাড়ী বন্দর নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘চার দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরেছেন। কী জন্য গিয়েছিলেন, কী করে এসেছেন, জাতির সামনে তাঁকে এটা খোলাসা করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, জাতি তা পরিষ্কার জানতে চায়। কানেকটিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না।’
জামায়াতের পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান (মোমেন) রবিবার জানান, গঙ্গা চুক্তি, মাতারবাড়ী ও পোশাকশিল্পের সংকটসহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে কথা বলার চেষ্টা করবেন তারা। সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন, কারখানা বন্ধ এবং শ্রমিক-পুলিশ সংঘর্ষে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে। শ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন। এসব মালিক-শ্রমিক বিরোধের সমাধান ও শিল্পের স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি জ্বালানিসংকট, তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও সরকারের কাছে জবাব চাইবেন তারা।