ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ
নামজারি প্রক্রিয়া স্বয়ংক্রিয় ও দালালমুক্ত সেবা নিশ্চিতের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় নামজারি প্রক্রিয়া এবং ভূমি নিবন্ধন কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করেছে। এই সুপারিশের উদ্দেশ্য সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধ এবং হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা।
বিজ্ঞাপন
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে। বর্তমানে জমি নিবন্ধন ও রেজিস্ট্রেশন কাজ আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্য, অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতের জন্য সুপারিশ করা হয়েছে।
এ জন্য ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, নামজারি প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা এবং সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধে ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে আনার প্রস্তাব করা হয়েছে।
কমিটি জেলাওয়ারি অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজা মূল্য নির্ধারণ, এবং দীর্ঘদিনের মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করেছে। এছাড়া উপজেলা, পৌর এলাকা ও সিটি কর্পোরেশন এলাকার জন্য ভূমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ, স্থাবর সম্পত্তি হস্তান্তর মূল্য বাজারদরের সঙ্গে যৌক্তিকীকরণ এবং বিভিন্ন ফি ও গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে আনার সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, এসি ল্যান্ড, এলএ শাখা ও কানুনগো অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই জমির দলিল জামানত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের অনিয়ম প্রতিরোধের জন্যও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কমিটি বিদ্যমান প্রচলিত পদ্ধতির ভূমি প্রশাসনকে একটি সমন্বিত ডিজিটাল ভূমি প্রশাসন ব্যবস্থায় রূপান্তরিত করার সুপারিশ করেছে। কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয় এবং এতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জয়নাল আবদিন, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান বেলাল ও মুহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন।