স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী জোটের শরিক দলগুলো আলাদাভাবে প্রার্থী দিলে ১১ দলীয় ঐক্যে বিভেদ সৃষ্টি হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দলগুলো পৃথক প্রার্থী দিলে ঐক্যে দুর্বলতা তৈরি হবে এবং মাঠপর্যায়ে বিভেদ দেখা দেবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মাওলানা মামুনুল হক আরও বলেন, আন্দোলনে ঐক্যের স্বার্থেই নির্বাচনী সমঝোতা জরুরি। এ ক্ষেত্রে বড় দল হিসেবে জামায়াতে ইসলামীকে মূল ভূমিকা পালন করতে হবে এবং সমঝোতা না হলে ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিক এবং ঢাকা দক্ষিণ সিটিতে প্রার্থী হিসেবে লড়বেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক।
মাওলানা মামুনুল হক জানান, সারা দেশে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র, চেয়ারম্যান এবং সদস্যপদে প্রার্থী বাছাইপ্রক্রিয়া চলছে এবং অনেক জায়গায় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বিত প্রার্থী দেওয়ার পরিবেশ তৈরি হলে আলোচনার দরজা খোলা রাখা হবে। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব জালালুদ্দীন আহমদ, জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ ও রেজাউল করিম, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন ও আতাউল্লাহ আমিন এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও মো. ফয়সালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।