শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ দেখছে জামায়াত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডি চাইতে পারেন বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
সোমবার বিকেলে জামায়াতের গণমাধ্যম-সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের একটি ভিডিও বার্তা পাঠানো হয়। সেখানে তিনি বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। তবে এই আবেদনের পেছনে দুটো কারণ থাকতে পারে বলে জামায়াত মনে করছে। একটি হলো তিনি যে দেশে ফিরবেন, সে কৌশল অবলম্বন প্রক্রিয়ার অংশ। অন্যটি হলো, তিনি যেহেতু নেতা-কর্মীদের ছেড়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তাঁদের সান্ত্বনা দেওয়ার জন্য এমন কাজ করতে পারেন।
বিজ্ঞাপন
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, নিজের দলীয় পদ ঠিক রাখার বিষয়টিও একটি কারণ হতে পারে। তিনি বলেন, শেখ হাসিনা আসবেন না ঘোষণা দিলে ভিন্ন একজনকে দলের নেতা বানানো হতে পারে। জুবায়ের বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে গুম, খুন ও নির্যাতন করেছে এবং অর্থনীতি ও নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছে। গণ-অভ্যুত্থানে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েও তিনি দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না বলে তিনি দাবি করেন।
জামায়াতের এই নেতা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আইনের দাবি অনুযায়ী তিনি দেশে ফিরলে রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, 'শেখ হাসিনার অপরাধের জন্য তাঁকে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। এটা করতে না পারলে সরকার ব্যর্থ প্রমাণিত হবে। এতে জনগণের ক্ষোভ আরও বাড়বে।' জুবায়ের মনে করেন, শেখ হাসিনা নিজে না চাইলেও তাঁকে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে সরকার ভারতের সঙ্গে বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির বিষয়ে আলাপ করতে পারে, লইয়ার ফার্ম নিয়োগ করতে পারে, জাতিসংঘের সঙ্গে আলোচনা করতে পারে এবং ইন্টারপোলের সহযোগিতা নিতে পারে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও রায় কার্যকরে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের ঐক্য রয়েছে। জুবায়ের মন্তব্য করেন, ফ্যাসিবাদ যাতে ফিরে না আসতে পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।