শেখ হাসিনাকে বরণ করার চিন্তা কারা করছে, প্রশ্ন রিজভীর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে জাসাস
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ঢোল ও মৃদঙ্গ বাজিয়ে সংবর্ধনা দেওয়া হবে—এমনটা কারা ভাবছে, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তাঁকে বরণ করা হবে, এমন ধারণা যাঁদের মধ্যে রয়েছে, তাঁরা বাংলাদেশের মানুষের মনোভাব বোঝেন না। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
বিজ্ঞাপন
রুহুল কবির রিজভী বলেন, ‘আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ—এঁদের রক্ত পান করে যিনি দেশ থেকে পালিয়েছেন, তিনি পাসপোর্ট পাবেন, তিনি এনআইডি পাবেন, তিনি আবার দেশে ফিরে আসবেন, আর তাঁকে ঢোল বাজাতে বাজাতে, মৃদঙ্গ বাজাতে বাজাতে সংবর্ধনা দিয়ে তিনি নামবেন, এটা কারা ভাবছে?’ তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠলে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। এই গর্জনে শেখ হাসিনা কেন, তাঁর মদদদাতা দাদারাও কিছু করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
বক্তব্যে রিজভী ৭ নভেম্বরকে অন্যায়, দুঃশাসন ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জেগে ওঠার দিন হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনা থেকেই ১৯৯০ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রেরণা পেয়েছে। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পর ক্ষমতাসীনরা আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল এবং রক্ষীবাহিনী গঠন করে বিরোধীদের ওপর নির্যাতন ও হত্যা চালিয়েছিল।
বিএনপির এই নেতা বলেন, ১৫ আগস্টের পর দেশে নৈরাজ্য ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে শেষ হয়। জিয়াউর রহমানের শাসনামলে কথা বলার স্বাধীনতা ও রাজনৈতিক দল গঠনের সুযোগ তৈরি হয়েছিল এবং তিনি খাল খনন ও তৈরি পোশাকশিল্পের বিকাশে অবদান রেখেছিলেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন বলেও তিনি জানান। আলোচনা সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন ও জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানসহ অনেকে বক্তব্য দেন।