টেকনাফে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৩৮ নাগরিক আটক
মিয়ানমার থেকে সাগরপথে মাছ ধরার নৌকায় আসার পর তাদের আটক করে বিজিবি
কক্সবাজার জেলা প্রতিনিধি · টেকনাফ, কক্সবাজার
প্রকাশ:
মিয়ানমার থেকে সাগরপথে মাছ ধরার নৌকায় বাংলাদেশে প্রবেশের পর নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৪ জন নারী, ৮ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় লোকজন ও বিজিবি সূত্র জানায়, সোমবার ভোর পাঁচটার দিকে মিয়ানমার থেকে মানুষবোঝাই একটি মাছ ধরার নৌকা টেকনাফ উপকূলে এসে পৌঁছায়। টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার মালিকানাধীন নৌকায় করে তাদের আনা হয়েছিল। এরপর তাদের হাবিরছড়া গ্রামের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এ সময় কয়েকজন পাচারকারী পালিয়ে পাহাড়ে আত্মগোপন করেছে বলে জানা গেছে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ মিয়া জানান, নৌকার মালিকেরা অর্থের বিনিময়ে সাগরপথে ৩৮ জনের এই রোহিঙ্গা দলকে সৈকত থেকে তুলে হাবিরছড়া গ্রামে এনে রাখেন। পরে তাদের ট্রলারে করে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সোমবার বিকেলে বলেন, 'সাগরপথে অনুপ্রবেশের সময় ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। তাঁদের সবাই রোহিঙ্গা বলে সন্দেহ করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।'