নবজাতকের পিতৃত্ব নিয়ে দুই যুবকের দাবি, হাসপাতাল ছাড়লেন প্রসূতি
একই নবজাতকের বাবা হিসেবে নিজেদের দাবি করেছেন বাকেরগঞ্জ ও গাজীপুরের দুই যুবক
বরিশাল জেলা প্রতিনিধি · বরিশাল
প্রকাশ:
বরিশালের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক প্রসূতি (২৭) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার, যখন বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাস চন্দ্র দাস নিজেকে ওই নারীর স্বামী পরিচয় দিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করান। তবে সন্তান জন্মের পরদিন রোববার সকালে ঢাকার গাজীপুরের বাসিন্দা এমদাদুল হক হাসপাতালে হাজির হয়ে নিজেকে নবজাতকের বাবা হিসেবে দাবি করেন।
বিজ্ঞাপন
এমদাদুল হকের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাঁদের বিয়ে হয় এবং বিয়ের সময় ওই নারী ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। বিয়ের পর তাঁরা ঢাকায় একত্রে বসবাস করেছেন এবং তিন মাস আগে ওই নারী বরিশালে বাবার বাড়িতে চলে আসেন। এমদাদুল তাঁর দাবির সপক্ষে বিয়ের কাবিননামা ও বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও হাসপাতাল কর্তৃপক্ষকে দেখিয়েছেন।
অন্যদিকে, প্রসূতি এমদাদুলের সঙ্গে বিয়ের কথা অস্বীকার করে দাবি করেছেন, ওই ব্যক্তি নবজাতকের বাবা নন। এদিকে এমদাদুল হাসপাতালে আসার পর প্রথম স্বামী পরিচয় দেওয়া সুভাস চন্দ্র দাস সেখান থেকে চলে যান, ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। প্রতিবেশী সঞ্জীব দাসের ভাষ্যমতে, এমদাদুলের সঙ্গে বিয়ের বিষয়টি গোপন রেখে ২০২৪ সালে বাকেরগঞ্জের সুভাস চন্দ্র দাসের সঙ্গে ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তাঁরা বিয়ে করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই ঘটনায় তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ায় হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে। হাসপাতালের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা খুবই বিব্রত হয়েছি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উৎসুক লোকজন হাসপাতালে ভিড় করছিল। পরে ওই নারীর বাবা রোববার মেয়েকে বাড়িতে নিয়ে গেছেন।’