বরখাস্ত এক কর্মচারী, ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত
ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতার ঘটনায় ছয়টি প্রবেশপথে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ এবং অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার রাতে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। এছাড়া ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক টহল বাড়ানো এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি বৃদ্ধি করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও স্বাভাবিক শিক্ষা-প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।