ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ছাড়পত্র পেলেন ৫৩, চিকিৎসাধীন ৩৫
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে চারজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি · নারায়ণগঞ্জ
প্রকাশ:
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৮৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৫৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুস্থ হওয়া শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ভর্তি থাকা শিক্ষার্থীদের চিকিৎসা চলমান রয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, কোনো শিক্ষার্থীর শরীরে আগুনের দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। মূলত বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসনালি আক্রান্ত হয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান করছেন এবং শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিতে দুটি আলাদা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার দিবাগত রাত একটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ভাষ্যমতে, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় থাকা লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই কক্ষ দুটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যেখানে রাতে প্রায় ২৫০ শিক্ষার্থী অবস্থান করছিল।
ঘটনার খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার পরপরই ভবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাদের চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে শিক্ষার্থীরা কিছু জানাতে পারেনি।
বিজ্ঞাপন
বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আজিজুল ইসলাম সিয়াম (১৪), মো. খায়রুল (২০), ইউসুফ (১৮) ও জোবায়ের পাঠান (১৮)। এদের মধ্যে কিশোর আজিজুলকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে সরেজমিনে দেখা যায়, আজিজুলের মা সোনিয়া আক্তার আইসিইউর বাইরে বসে ছেলের সুস্থতার জন্য দোয়া করছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন। তিনি বলেন, ‘আমার একমাত্র সন্তান। প্রথম সন্তান হিসেবে ওকে কোরআনে হাফেজ বানাতে চেয়েছিলাম। এ জন্য বাড়ির পাশেই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি করি। সিয়াম ১৪ বছর বয়সেই হাফেজ হয়েছে। আল্লাহর কিতাব পড়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া চাই; ও তোমার কিতাব পড়ছে, তুমি রহম করলে আমার ছেলেটা আবার সুস্থ হয়ে উঠবে।’
সোনিয়া আক্তার জানান, তাঁদের বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব মাত্র দুই থেকে তিন মিনিটের হাঁটাপথ। রাতে আগুন লাগার সময় তিনি ঘুমাচ্ছিলেন, পরে চারদিকের চিৎকার ও শোরগোল শুনে তাঁর ঘুম ভাঙে। তিনি আরও জানান, ছেলেকে আইসিইউতে মুখে অক্সিজেন নল লাগিয়ে রাখা হয়েছে। আজিজুলের বাবা সৌদিপ্রবাসী এবং গত মাসের ৪ তারিখে তিনি কর্মস্থলে ফিরে গেছেন। একমাত্র ছেলের এই পরিস্থিতির পর বিদেশ থেকে বাবা বারবার ফোন করে খোঁজ নিচ্ছেন, কিন্তু স্বামীকে কী জবাব দেবেন তা ভেবে পাচ্ছেন না মা।