১ লাখ গাছ রোপণ করল আড়ং
‘ব্রিং ইয়োর ওন ব্যাগ’ ক্যাম্পেইন থেকে অর্জিত ২ কোটি ৯০ লাখ টাকা পরিবেশ সংরক্ষণে ব্যয় করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক · রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
প্রকাশ:
পরিবেশ সংরক্ষণ ও সবুজের পরিসর বাড়াতে আড়ং তাদের ‘ব্রিং ইয়োর ওন ব্যাগ’ (BYOB) ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশের ৪২টি জেলায় এক লাখের বেশি গাছ রোপণ করেছে। ব্র্যাক এবং মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পেইন থেকে অর্জিত অর্থ পরিবেশ রক্ষার পাশাপাশি গ্রামীণ পরিবারগুলোর সহায়তায় ব্যয় করা হচ্ছে।
বিজ্ঞাপন
ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, ‘ব্রিং ইয়োর ওন ব্যাগ উদ্যোগের শুরু হয়েছিল একটি সহজ অভ্যাসের পরিবর্তন দিয়ে—নিজেদের কাছে থাকা ব্যাগ সঙ্গে নিয়ে বের হওয়া এবং তা আবার ব্যবহার করা। আজ আমাদের দৈনন্দিন জীবনের এই ছোট সিদ্ধান্তগুলোই গাছ রোপণ, সবুজের পরিসর পুনরুদ্ধার এবং বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে।’
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে আগের বছরের তুলনায় এই ক্যাম্পেইনের মাধ্যমে ৪৬ দশমিক ৮ লাখের বেশি কাগজের ব্যাগের ব্যবহার কমানো সম্ভব হয়েছে। এটি প্রায় ৬ হাজার গাছ সংরক্ষণের সমান। এই সময়ে কাগজের ব্যাগ বিক্রি থেকে অর্জিত ২ কোটি ৯০ লাখ টাকা সম্পূর্ণভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কাজে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে আড়ং।
এই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ব্র্যাকের ‘আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন’ কর্মসূচির আওতায় ৯৫ হাজার ৩৮২টি ফলদ, কাঠজাত ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণে অর্থায়ন করা হয়েছে। দেশের ৪২টি জেলার ২১০টি উপজেলায় ৪০ হাজার ১টি পরিবারের মাঝে এসব চারা বিতরণ করা হয়, যা পরিবারগুলোর পুষ্টি চাহিদা পূরণ ও আয়ের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে।
এছাড়া মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে মিয়াওয়াকি পদ্ধতিতে বনায়ন করছে আড়ং। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ংয়ের এমন একটি মিয়াওয়াকি ফরেস্টে গ্রাহক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি এই পরিবেশবান্ধব উদ্যোগে অবদান রাখার সুযোগ পান।