রাজধানীতে ফের বাসে আগুন, ককটেল উদ্ধার
শ্যামলীতে বাসে অগ্নিসংযোগের পাশাপাশি শাহজাহানপুরে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল পাওয়া গেছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাসটি আসাদ গেটের দিকে যাওয়ার পথে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে পৌঁছালে কে বা কারা এতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না, কেবল চালক ও তাঁর সহকারী ছিলেন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানোর কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।
বিজ্ঞাপন
এদিকে বেলা ১টা ১০ মিনিটে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। এসআরবি-৩-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এক পথচারীর তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত বস্তার ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে ধ্বংস করা হয়। এ ঘটনায় শাহজাহানপুর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কারা কী উদ্দেশ্যে এগুলো রেখেছিল তা নিয়ে গোয়েন্দা অনুসন্ধান চলছে।
পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এছাড়া সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।