সবার জন্য একই নেইল কাটার ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ
একই নেইল কাটার ব্যবহারের মাধ্যমে ছোঁয়াচে ব্যাকটেরিয়া ও ছত্রাক একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়াতে পারে
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
অধিকাংশ পরিবারেই একটিমাত্র নেইল কাটার বাবা-মা, সন্তান ও জীবনসঙ্গী সবাই মিলে ব্যবহার করেন। আপাতদৃষ্টিতে এটি সাধারণ অভ্যাস মনে হলেও চর্মরোগ বিশেষজ্ঞরা একে মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন। নখ পরিষ্কার মনে হলেও একই যন্ত্র একাধিক ব্যক্তি ব্যবহার করলে ব্যাকটেরিয়া ও ছত্রাক একজনের শরীর থেকে অন্যজনের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব মেডিসিনের চর্মরোগ বিভাগের অধ্যাপক ডা. মোনা গোহারা এবং যুক্তরাজ্যের ‘নেইলস ইনক’-এর প্রতিষ্ঠাতা থিয়া গ্রিন জানান, নখ কাটার সময় ত্বকের অতি ক্ষুদ্র কাটাছেঁড়া দিয়ে জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। ডা. মোনা গোহারা বলেন, “নখ দেখতে পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত থাকার প্রমাণ নয়। ব্যবহৃত নেইল কাটারের ব্লেডে আঁচিল সৃষ্টিকারী ভাইরাস, নাক খোঁটার ফলে হাতে লেগে থাকা ‘স্ট্যাফ ব্যাকটেরিয়া’ এবং বাথরুমের পর হাত ভালোভাবে না ধোয়ার কারণে তৈরি হওয়া ক্ষতিকর ‘ই. কোলাই’ জীবাণু আটকে থাকতে পারে।”
বিশেষজ্ঞরা পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা নেইল কাটার ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এছাড়া হাতের ও পায়ের নখ কাটার জন্য দুটি আলাদা যন্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে, কারণ পায়ের নখে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। নেইল ফাইল, বাফার এবং কিউটিকল কাটারও অন্যের সঙ্গে ভাগাভাগি করা উচিত নয়।
প্রতিবার ব্যবহারের পর নেইল কাটার সাবান ও পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। ডা. গোহারার নির্দেশনা অনুযায়ী, ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে ব্লেড ও জয়েন্টগুলো ভিজিয়ে বাতাসে শুকিয়ে নেওয়া জরুরি। মরিচা ধরা বা ভোঁতা হয়ে যাওয়া যন্ত্র বদলে ফেলা এবং ব্যবহারের পর শুকনো পাউচ বা ব্যাগে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।