পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনায় অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অনিয়ম নিয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কেনা ও পরিচালনার ঘটনায় প্রায় ৮৮ কোটি টাকা ক্ষতির তথ্য উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। এই আর্থিক অনিয়মের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে, উড়োজাহাজ কেনা সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, বিমানের নিজস্ব ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার কোনো সুযোগ নেই। তবুও ২০১৮ সালে লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে ২০২৩ সালে ৫১ কোটি টাকায় কিনে নেয় বিমান। পরবর্তী সময়ে পরিচালন ব্যয় বাবদ আরও ৩৭ কোটি ৭৬ লাখ টাকা লোকসান হওয়ায় সরকারি অর্থের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৮ কোটি টাকা। এছাড়া বৈঠকে ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার বিষয়টিও উত্থাপন করা হয়।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আগের বৈঠকের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি, অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বড় ধরনের রাজস্ব ক্ষতির তথ্যও অডিটে উঠে এসেছে। অডিটের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অর্থ আদায় করা হলেও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি।
এই অনিয়ম ও রাজস্ব ফাঁকি রোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু হয়েছে। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার ফলে আর্থিক ক্ষতির বিষয়টিও অডিটে উঠে আসে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। এছাড়া প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়টিও পর্যালোচনা করা হয়। চুক্তি অনুযায়ী কার্যাদেশ সম্পূর্ণ সরবরাহ করা না হলেও প্রতিষ্ঠানটিকে পুরো অর্থ পরিশোধ করা হয়েছে। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
কোভিডকালীন ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগসংক্রান্ত অডিট আপত্তিও পর্যালোচনায় উঠে আসে। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দুর্নীতিমুক্ত, আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।