আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিরোধীদলীয় নেতার প্রশ্ন
ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার কঠোর সমালোচনা করেছে বিরোধী দল। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
বিজ্ঞাপন
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নাই।’ তিনি উল্লেখ করেন যে, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কার্যক্রম চলছে। পার্বত্য এলাকায় সন্ত্রাসী দমন করতে গিয়ে একজন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্ন রাখেন, ‘এগুলোর শেষ কোথায়?’
শফিকুর রহমান আরও বলেন, ‘এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’ তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে, সরকারি দলের অফিসে ভাঙচুর ও লুটপাট চলছে এবং বিভিন্ন জায়গায় বিরোধী দলের কর্মীদের ওপর বিক্ষিপ্ত হামলা হচ্ছে।
এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি দেখছেন না বলে জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘কিন্তু আমরা ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে তার অবনতি লক্ষ করছি, কোনো উন্নতি আমাদের কাছে ধরা পড়ছে না। এতগুলা ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই। তিন-চারজন মানুষকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়েছে, জনগণ ধরে, কিন্তু বাহিনী তো কোথাও কিছু করেনি।’
ফ্যাসিস্ট আমলে জামায়াতে ইসলামী নিষিদ্ধ না থাকলেও তাদের কার্যালয় তালাবদ্ধ ছিল বলে উল্লেখ করেন শফিকুর রহমান। অন্তর্বর্তী সরকারের আমলে সংকট মোকাবিলায় সব দলের অংশগ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, আমরাও বসে থাকব না।’
বিজ্ঞাপন
এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে বলেন, দেশে গত দুদিন ধরে নজিরবিহীন সন্ত্রাস ও নাশকতা চলছে। তিনি জানান, মৌলভীবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশের এই যে পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় যে সরকার ব্যর্থ, এটা কিন্তু সাত মাস ধরে আমরা বলে আসছিলাম। বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যর্থ, ওনাকে (স্বরাষ্টমন্ত্রী) আমরা সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতে কিন্তু ততটা তৎপর আমরা দেখি না। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি দেশে এসে প্রোগ্রাম করে আবার বিদেশে চলে যাচ্ছে।’
সামগ্রিক বিষয়ে সরকারের জবাবদিহি চেয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এই যে সামগ্রিক পরিস্থিতি, এখানে সরকারের পদক্ষেপ কী, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সরকার এই যে আইনশৃঙ্খলায় যে ব্যর্থতা, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা, ভারতের সাথে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতা—এ বিষয়ে সরকারের জবাবদিহি আশা করছি।’