ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হলো আট বিভাগের খাবারের উৎসব
আট বিভাগের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি উৎসবে থাকছে লোকজ সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে শুরু হয়েছে দশ দিনব্যাপী ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’ উৎসব। বাঁশ-বেতের ডালা, কুলা, ঝুড়ি ও মাটির পাত্রের লোকজ সাজে সজ্জিত উৎসব প্রাঙ্গণটি বাংলাদেশের বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন এবং দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের যৌথ সহযোগিতায় ১১ নভেম্বর শুরু হওয়া এই উৎসব আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে।
বিজ্ঞাপন
উৎসবের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেদেরিক ইনজা, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন ও দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের উপদেষ্টা ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এছাড়া ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক ডেভিড ও’হ্যানলন, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান এবং দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সুজিত মুস্তাফা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকদের তথ্যমতে, এবারের উৎসবে দেশি-বিদেশি মিলিয়ে তিন শতাধিক পদের সমাহার রাখা হয়েছে। বিদেশি অতিথিদের জন্য রুটি, পিৎজা, মাংসের বিভিন্ন পদ ও আন্তর্জাতিক মিষ্টান্ন রাখা হয়েছে। পাশাপাশি দেশীয় ভর্তা, সালাদ, ফুচকা ও চটপটির মতো পরিচিত খাবারও পাওয়া যাচ্ছে। উৎসবের মূল আকর্ষণ হিসেবে দেশের আট বিভাগের আটটি বিশেষ আঞ্চলিক পদ পরিবেশন করা হচ্ছে।
আঞ্চলিক পদগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের মেজবানি গরুর মাংস, খুলনার চুইঝাল গরুর মাংস এবং সিলেটের সাতকরা মুরগি। এছাড়া কাঁচা আম দিয়ে মুরগির ঝোল, ইলিশের মুড়িঘণ্ট, বোয়াল মাছের দইঝাল, কাচ্চি বিরিয়ানি ও ভুনা খিচুড়ি থাকছে মেনুতে। মিষ্টিমুখের জন্য পাটিসাপটা, পুলি পিঠা, নারিকেল পাকন পিঠা, শাহি টুকরা, গুড়ের পায়েশ ও রসমালাইয়ের মতো নানা পদ রাখা হয়েছে।
খাবারের পাশাপাশি উৎসবে বাংলার লোকজ সংস্কৃতির উপস্থাপন করা হচ্ছে। প্রতিদিন বাউলগান, নজরুলসংগীত, গম্ভীরা, লালনসংগীত ও কাওয়ালির আসর বসছে। এছাড়া মণিপুরি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নৃত্য পরিবেশনা, চিত্রপ্রদর্শনী, শিল্পশিবির এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের স্টল রয়েছে এই আয়োজনে।
বিজ্ঞাপন
উৎসবের রাতের বুফে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে। এতে জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫শ’ টাকা। নির্দিষ্ট ব্যাংকের কার্ডে একটি কিনলে তিনটি পাওয়ার সুবিধা এবং আইএইচজি ওয়ান রিওয়ার্ডস সদস্যদের জন্য খাবার ও পানীয়তে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে। আসন সংরক্ষণের জন্য ০১৭১৩-০৪৭৬৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।