ব্যায়ামের পর হৃৎস্পন্দন স্বাভাবিক হওয়ার হার থেকে জানা সম্ভব মৃত্যুঝুঁকি
হার্ট রেট রিকভারি বা এইচআরআর পরীক্ষার মাধ্যমে বাড়িতে বসেই হৃদ্যন্ত্রের সুস্থতা যাচাই করা যায়
স্বাস্থ্য ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সিঁড়ি দিয়ে কয়েক তলা ওঠার পর বুক ধড়ফড় করা বা সামান্য দৌড়ালেই হাঁপিয়ে ওঠা শারীরিক ফিটনেসের অভাবের লক্ষণ হতে পারে। তবে ব্যায়াম বন্ধ করার পর হৃৎস্পন্দন কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেটি স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দেয়। এই সামান্য বিষয়টির সঙ্গে হৃদ্রোগ ও অকালমৃত্যুর ঝুঁকি জড়িয়ে আছে, যা বাড়িতে বসেই একটি সহজ পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব।
বিজ্ঞাপন
চিকিৎসাবিজ্ঞানে এই পরীক্ষাকে বলা হয় ‘হার্ট রেট রিকভারি’ বা এইচআরআর। ব্যায়ামের সময় হৃৎস্পন্দন বেড়ে যায় এবং ব্যায়াম বন্ধ করার পর প্রথম এক মিনিটে সেই হৃৎস্পন্দন কতটা কমে, সেটিই এই পরীক্ষায় পর্যবেক্ষণ করা হয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি গ্রসম্যান স্কুল অব মেডিসিনের হৃদ্রোগ বিশেষজ্ঞ নিয়াকা গোল্ডবার্গের মতে, এইচআরআর হৃদ্যন্ত্র ও রক্তনালির সুস্থতা বোঝার একটি কার্যকর নির্দেশক। এর মাধ্যমে উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগজনিত জটিলতার ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এর গুরুত্ব কেবল হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সামগ্রিক সুস্থতা ও মৃত্যুঝুঁকির সঙ্গেও এর যোগসূত্র রয়েছে। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষকেরা এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেন। প্রায় ২ হাজার ৪০০ মানুষের ওপর পরীক্ষা চালিয়ে ছয় বছর পর্যবেক্ষণের পর দেখা যায়, যাঁদের ব্যায়ামের পর হৃৎস্পন্দন স্বাভাবিক অবস্থায় ফেরার গতি কম, তাঁদের মৃত্যুঝুঁকি অন্যদের তুলনায় প্রায় চার গুণ বেশি। পরবর্তী সময়ে বিভিন্ন দেশের গবেষকেরাও একই ধরনের ফল পেয়েছেন, যেখানে আপাতদৃষ্টিতে হৃদ্যন্ত্রে সমস্যা নেই এমন মানুষের ক্ষেত্রেও এইচআরআর মৃত্যুঝুঁকির গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়েছে।
এই পরীক্ষা করার জন্য খুব বেশি সরঞ্জামের প্রয়োজন নেই; একটি ঘড়ি বা টাইমার এবং নাড়ির গতি মাপার ব্যবস্থা থাকলেই চলে। স্মার্টওয়াচ বা ফিটনেস ট্র্যাকার থাকলে কাজটি আরও সহজ হয়। প্রথমে নিজের সর্বোচ্চ হৃৎস্পন্দনের হার সম্পর্কে ধারণা নিতে হবে, যা সাধারণত ২২০ থেকে নিজের বয়স বাদ দিয়ে আনুমানিক হিসাব করা যায়। যেমন, ৩০ বছর বয়সী ব্যক্তির সর্বোচ্চ হৃৎস্পন্দনের হার হবে মিনিটে প্রায় ১৯০ বার। এরপর ব্যায়ামের মাধ্যমে হৃৎস্পন্দন সর্বোচ্চ হারের ৭০ থেকে ৮৫ শতাংশে পৌঁছাতে হবে; এর জন্য দৌড়ানো, সাইকেল চালানো বা রোয়িং মেশিনে ব্যায়াম করা যেতে পারে।
ব্যায়াম শেষ করার সঙ্গে সঙ্গেই হৃৎস্পন্দনের হার মাপতে হবে। স্মার্টওয়াচ না থাকলে ঘাড়ের পাশে আঙুল রেখে ১০ সেকেন্ডে নাড়ির স্পন্দন গুনে তাকে ছয় দিয়ে গুণ করলে মিনিটে হৃৎস্পন্দনের হার পাওয়া যাবে। এরপর এক মিনিট বসে বা শুয়ে বিশ্রাম নিয়ে পুনরায় হৃৎস্পন্দন মাপতে হবে। প্রথমবারের হিসাব থেকে দ্বিতীয়বারের হিসাব বাদ দিলেই পাওয়া যাবে হার্ট রেট রিকভারি। উদাহরণস্বরূপ, ব্যায়াম শেষে হৃৎস্পন্দন মিনিটে ১৫০ বার এবং এক মিনিট পর ১৩০ বার হলে, এইচআরআর হবে ২০।
বিজ্ঞাপন
ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, ব্যায়াম শেষ হওয়ার প্রথম মিনিটে হৃৎস্পন্দন অন্তত ১৮ বার কমে গেলে তা ভালো পুনরুদ্ধারের লক্ষণ। অন্যদিকে, এক মিনিটে হৃৎস্পন্দন ১২ বারের কম কমলে তা স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকির ইঙ্গিত দিতে পারে। তবে বয়স, শারীরিক সক্ষমতা, ব্যায়ামের ধরন এবং বিশ্রামের প্রক্রিয়ার ওপর ফলাফল নির্ভর করে বলে এই সংখ্যাগুলোকে সবার জন্য চূড়ান্ত মানদণ্ড হিসেবে দেখা যাবে না।
হৃৎস্পন্দন কমার সঙ্গে শরীরের ভেগাস নার্ভের সরাসরি সম্পর্ক আছে, যা মস্তিষ্কের সঙ্গে হৃদ্যন্ত্র, যকৃৎ ও অন্ত্রের যোগাযোগ রক্ষা করে। শরীরে হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে সিমপ্যাথেটিক ও প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। ব্যায়ামের সময় সিমপ্যাথেটিক সিস্টেম শরীরকে ‘ফাইট অর ফ্লাইট’ বা বিপদের মুখে লড়াইয়ের জন্য প্রস্তুত করে, ফলে হৃৎস্পন্দন বাড়ে। ব্যায়াম বন্ধের পরও পেশির বিপাকীয় উপজাত দূর করতে হৃৎস্পন্দন কিছুক্ষণ বেশি থাকে।
পরবর্তীতে প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে হৃৎস্পন্দন কমাতে সাহায্য করে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের ব্যায়াম ও স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক লিন্ডসে বটমস এই দুই ব্যবস্থাকে ব্রেক ও অ্যাক্সিলারেটরের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, শরীর যত ফিট থাকে, এই দুই ব্যবস্থার মধ্যে সমন্বয় তত ভালো হয়। ভেগাস নার্ভের ভালো কার্যকারিতাকে চিকিৎসাবিজ্ঞানে উচ্চ ভেগাল টোন বলা হয়, যা উন্নত মানসিক স্বাস্থ্য, রোগ প্রতিরোধক্ষমতা ও দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। পরীক্ষায় নিজের এইচআরআর কম পাওয়া গেলে আতঙ্কিত না হয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।