ই-মেইলের জেরে ক্ষোভে শ্রীলঙ্কার কোচের পদত্যাগের ঘোষণা
মাঝরাতে ই-মেইল পেয়ে ক্ষুব্ধ আবদুল্লাহ আল মুতাইরি সাফ অঞ্চলে আর কাজ না করার ঘোষণা দিয়েছেন
খেলা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির ক্ষোভ ছিল সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদের বিরুদ্ধে। কুয়েতের এই কোচ সাফ অঞ্চলে এটাই তার শেষ আসর বলে ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশকে অভিনন্দন জানান মুতাইরি। এরপরই তিনি অভিযোগ করেন, ‘তিনি আমাকে মাঝরাতে ই-মেইল পাঠিয়ে জানিয়েছেন, আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কেন মাঝরাতে? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করা যেত না?’ সাফের পাঠানো ই-মেইলে রেফারির সিদ্ধান্তের সমালোচনা এবং ভিডিও সহকারী রেফারির (ভিএআর) প্রসঙ্গ ছিল বলে জানান তিনি।
মুতাইরির দাবি, ১০ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হলে তিনি ১৪টি বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, ২০২১ সালের সাফেও তাঁর প্রতি অন্যায় করা হয়েছিল এবং দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় তাঁকে ফাইনালে থাকতে দেওয়া হয়নি। অথচ প্রতিযোগিতার নিয়মে এমন কোনো বিধান নেই বলে দাবি তাঁর।
সাফের বিরুদ্ধে দ্বৈতনীতির অভিযোগ তুলে ২০২৩ সালের ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ টানেন মুতাইরি। তাঁর দাবি, ভারতের কোচ পাকিস্তানের এক খেলোয়াড়কে স্পর্শ করলেও সাফ কোনো ব্যবস্থা নেয়নি। অথচ তাঁর সামান্য মন্তব্যের জন্য ছয় মাস বা এক বছর নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলার জরিমানার কথা বলা হচ্ছে।
তানজিমের উদ্দেশে মুতাইরি বলেন, ‘কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি আমাদের দেখা হয়, তখন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি সেদিন আপনার বিরুদ্ধে অভিযোগ জানাব।’ এছাড়া সাফে আরবদের প্রতি বর্ণবাদী আচরণ করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
বিজ্ঞাপন
বিশ্বকাপের উদাহরণ টেনে সাফের তাড়াহুড়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিশ্বকাপ চলাকালে ফিফা কি কোনো ব্যবস্থা নিয়েছিল? না। তারা বিশ্বকাপ শেষ হওয়ার পর তদন্ত করেছে। তাহলে তানজিমের এত তাড়া কেন?’ বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারের বিষয়ে তিনি বলেন, ‘ফুটবলে সবকিছু মেনে নেওয়ার এবং সবকিছুর জন্য প্রস্তুত থাকার মানসিকতা থাকতে হয়। তবে ওই ই-মেইল পাওয়ার পর থেকেই আমি বুঝতে পেরেছিলাম, আমরা হেরে যাব।’