সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই
ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় যানজটে আটকা পড়া গাড়ির জানালা দিয়ে ফোনটি ছিনিয়ে নেয় এক তরুণ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুল জানান, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’ তিনি আরও লেখেন, ‘ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা বা অন্য যেকোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে তাহলে সেটা এড়িয়ে যাবেন।’
ঘটনার বর্ণনা দিয়ে আসিফ নজরুল জানান, তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা ছিল এবং তিনি ভেতরে বসে খুদে বার্তা দেখছিলেন। গাড়িটি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক তরুণ ছোঁ মেরে ফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
আসিফ নজরুল বলেন, ‘আমার অসতর্কতার কারণেই এমনটা হয়েছে। ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তাঁদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস, ফোনটি উদ্ধার করা যাবে।’